স্কুল ছুটির সময় বাজারঘেঁষা রাস্তায় ফের দ্রুতগতির মাছের গাড়ির দাপট। শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের ময়নার বলাইপন্ডা বাজার সংলগ্ন চৌরাস্তার মুখে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান এবং টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক পথচারী।
আহত ব্যক্তির নাম নিতাই ভুঁইয়া। বাড়ি ময়নার মোহাড়ে হলেও দীর্ঘদিন ধরে মালিগ্রামে ভাড়া বাড়িতে থেকে বলাইপন্ডা বাজারে ফুটপাথে আলু-পেঁয়াজ বিক্রি করতেন তিনি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বলাইপন্ডা বয়েজ স্কুলের মূল গেট এবং বাজারের প্রবেশপথের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে—যেখানে প্রতিদিন সকাল-সন্ধ্যা ভিড় লেগেই থাকে।
স্কুল টাইমে ছাত্রছাত্রীদের ভিড়ের মাঝে দ্রুতগতিতে ছুটে আসা মাছভর্তি গাড়ি এবং উল্টো দিক থেকে আসা টোটোর ধাক্কায় ছিটকে পড়েন নিতাইবাবু। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে প্রথমে বলাইপন্ডা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তৎক্ষণাৎ স্থানান্তরিত করা হয় তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
ঘটনার পর পিকআপ ভ্যান চালক গাড়ি সহ এলাকা ছেড়ে পালিয়ে যায়। ইতিমধ্যেই ময়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর অভিযোগ, স্কুল টাইমে এই ধরনের ভারী ও দ্রুতগামী গাড়ির চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না।
স্থানীয় ব্যবসায়ী এবং অভিভাবকদের দাবি, বারবার অভিযোগ জানিয়েও প্রশাসনের পক্ষ থেকে কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এ দিনের ঘটনায় আবারও স্কুলপথে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।







