মহারাষ্ট্রে কাজে গিয়ে খুন বাংলার পরিযায়ী শ্রমিক ! মৃতের নাম আবু বক্কর মণ্ডল , বয়স ৩৩ বছর , বাংলার উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ার বাসিন্দা ছিলেন তিনি । জানা গিয়েছে , এই পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে খুন করে , তাকে টুকরো টুকরো করে বস্তায় ভরে জলে ভাসিয়ে দেওয়া হয় । মহারাষ্ট্রের ভাসি থানার পুলিশ , ঘটনার তদন্তে নেমে , একটি ডোবা থেকে বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার করে । বৃহস্পতিবার রাতে তার মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে ।
জানা গিয়েছে আবু বক্কর মণ্ডল কয়েকবছর আগে রাজমিস্ত্রির কাজের জন্য মহারাষ্ট্রে গিয়েছিলেন । মহারাষ্ট্রের ভাসি থানার ওয়াসিগাও এলাকায় থাকতেন তিনি । তার স্ত্রীও তার সঙ্গেই থাকতেন ।
পরিবার সূত্রে খবর , আবু বক্কর মণ্ডলের সন্ধান রবিবার সন্ধ্যার পর থেকেই পাওয়া যাচ্ছিল না । তার মোবাইল ফোনও বন্ধ বলছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়া যাওয়ায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার । ঘটনার তদন্তে নেমে পুলিশ , মঙ্গলবার , তার ভাড়া বাড়ির পাশের এক ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় আবু বক্কর মণ্ডলের টুকরো টুকরো দেহাংশ উদ্ধার করে । কেন এই পরিযায়ী শ্রমিককে খুন ! খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি মৃতের জামাইবাবু শাহানুর গাজি জানিয়েছেন, “আমরা দোষীদের ফাঁসি চাই।”







