ক্রাইম

১৯৩ কেজির বেশি গাঁজা পাচার মামলা: তিন অভিযুক্তের কারাদণ্ড, জরিমানার নির্দেশ আদালতের

মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের তৎপরতার বড় সাফল্য। ১৯৩ কেজিরও বেশি গাঁজা পাচারের মামলায় তিন অভিযুক্তকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিল আদালত। আসানসোল (উত্তর) থানার পুলিশের তদন্তে উঠে এসেছিল এই মাদক পাচার চক্রের তথ্য। সম্প্রতি মামলার রায় ঘোষণা করেছে আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ২০২৩ সালের ৪ সেপ্টেম্বরের। দু’টি চারচাকা গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় আসানসোল (উত্তর) থানার পুলিশ। সেই খবরের ভিত্তিতে আগাম পরিকল্পনা করে নির্দিষ্ট এলাকায় নজরদারি শুরু করেন পুলিশকর্মীরা। নির্ধারিত সময়ে গাড়ি দু’টি পৌঁছতেই সেগুলি আটক করে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় ১৯৩ কেজিরও বেশি গাঁজা।
পাচারের বৈধ নথি দেখাতে না পারায় রুবি পাত্র ওরফে সুস্মিতা প্রধান, বুলু মহন্ত এবং কৃত্তিবাস পাত্রকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে আসানসোল (উত্তর) থানায় মামলা রুজু হয়।
মামলার প্রথম তদন্তকারী আধিকারিক সাব-ইন্সপেক্টর সুভাষ বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় তদন্তকারী আধিকারিক সাব-ইন্সপেক্টর শ্যামল চ্যাটার্জি তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন।
সম্প্রতি মামলার রায়ে রুবি পাত্রকে ১০ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুই অভিযুক্তকে ১২ বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।
এই ঘটনাকে মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের তদন্ত ও আইনি পদক্ষেপের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আসানসোল-দুর্গাপুর পুলিশ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.