জেলা

গৌড় এক্সপ্রেসে ফের চুরি! রেলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আবারও রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল গৌড় এক্সপ্রেসে চুরির ঘটনা। কলকাতা থেকে মালদা ফেরার পথে ট্রেনের এসি কামরায় এক চিকিৎসক-সহ মোট ছয়জন যাত্রীর মোবাইল ফোন, ব্যাগ ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি যাওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গৌড় এক্সপ্রেসের এস-টু (S2) কামরায়। মালদা শহরের বাসিন্দা অনশ্রী ভট্টাচার্য এবং তাঁর স্বামী পৃথ্বীরাজ রায় চিকিৎসা সংক্রান্ত কাজে কলকাতা গিয়েছিলেন। ফেরার পথে রাতের গৌড় এক্সপ্রেসে তাঁরা এসি টু টায়ার কামরায় সফর করছিলেন। আজ সকালে মালদা টাউন স্টেশনে পৌঁছনোর পর ঘুম ভেঙে দেখেন, তাঁদের ব্যাগ ও মোবাইল নিখোঁজ। শুধু তাঁদেরই নয়, একই কামরায় আরও বেশ কয়েকজন যাত্রীর জিনিসপত্র চুরি গিয়েছে বলে অভিযোগ।

অনশ্রী ভট্টাচার্য জানান,
“এসি কামরায় এত নিরাপত্তা থাকা সত্ত্বেও এই ধরনের চুরি উদ্বেগজনক। আমাদের ব্যাগে গুরুত্বপূর্ণ মেডিকেল রিপোর্ট, মোবাইল, ওয়ালেট সব ছিল। ঘুমের মধ্যেই এই ঘটনা ঘটে গেছে।”

পৃথ্বীরাজ রায়ের অভিযোগ,
“এই ধরনের অপরাধ রেলযাত্রাকে অনিরাপদ করে তুলছে। জিআরপিতে অভিযোগ জানিয়েছি, পাশাপাশি রেলের অনলাইন অ্যাপেও রিপোর্ট করেছি। আশা করছি দ্রুত তদন্ত শুরু হবে।”

এই ঘটনার পর যাত্রীরা রেল কর্তৃপক্ষ ও জিআরপির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, রাতের ট্রেনে পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে যাত্রা বিপজ্জনক হয়ে উঠবে।

রেল পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ট্রেনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রশ্ন উঠছে—রাতের ট্রেন যাত্রায় রেল কি আর নিরাপদ নেই?
যাত্রীদের দাবি, শুধুমাত্র টিকিট আর কামরার চার দেওয়াল নয়, চাই দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.