জেলা

সন্দেশখালিতে জাল নোট কাণ্ডে বড় সাফল্য, মূল অভিযুক্ত অভিষেক তিওয়ারিকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

সন্দেশখালির জাল নোট চক্রে নয়া মোড়। সাড়ে ৯ কোটি টাকার জাল নোট চক্রের মূল মাথা অভিষেক তিওয়ারিকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করল সন্দেশখালি থানার পুলিশ। বসিরহাট মহকুমা আদালত এদিন সেই আবেদন মঞ্জুর করেছে।

নাগপুর থেকে ধৃত অভিষেক তিওয়ারিকে মঙ্গলবার সন্দেশখালি থানায় আনা হয়। সন্দেশখালি থানার পুলিশ এবং নাগপুর পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে এই অভিযুক্ত। ট্রানজিট রিমান্ডে তাকে পশ্চিমবঙ্গে আনা হয়।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে অভিষেকের কাছ থেকে। সেই সূত্র ধরেই আরও জাল নোট চক্রে জড়িতদের সন্ধান পেতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই সন্দেশখালি থানার পুলিশ বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করে। উদ্ধার হয় প্রায় ৯.৫ কোটি টাকার নকল নোট। ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও এক মহিলার নাম, তাকেও গ্রেফতার করা হয়। এরপর ধাপে ধাপে তদন্ত চালিয়ে মূল চক্রী অভিষেক তিওয়ারিকে নাগপুর থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে আন্তঃরাজ্য সংযোগ রয়েছে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকেও এই জাল নোট প্রবেশ করতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্র, উভয় গোয়েন্দা সংস্থার নজর পড়েছে সন্দেশখালির দিকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.