আবহাওয়া

দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সতর্কতা, উত্তরে সপ্তাহভর দুর্যোগের আশঙ্কা

উত্তর বাংলাদেশের উপর অবস্থানকারী ঘূর্ণাবর্ত সরে এসে গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। তার সঙ্গে জোট বেঁধেছে একটি অক্ষরেখা, যা উত্তর-পূর্ব আরব সাগর থেকে শুরু হয়ে দক্ষিণ বাংলাদেশ হয়ে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে বিস্তৃত। আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন জানাচ্ছে, এই দুইয়ের মিলিত প্রভাবে রাজ্যের প্রায় সব জেলায় চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে।
বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ৭ থেকে ১১ সেমি পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার হুগলি-সহ আরও কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস।

উত্তরবঙ্গে বাড়ছে দুর্যোগ
উত্তরবঙ্গের চিত্র আরও চিন্তার। সপ্তাহের মাঝামাঝি থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জলপাইগুড়ি, মালদহ, আলিপুরদুয়ার ও কোচবিহারে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের একাধিক জেলায় দুর্যোগ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।

পরামর্শ ও সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নদী সংলগ্ন এলাকায় নজরদারি ও পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা মাথায় রেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.