রাজনীতি

‘পুলিশকে কুকুর’ বলার অভিযোগ! ভোটের পরই সাইবার ক্রাইমে মামলা, আরও চাপে হুমায়ুন

আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে এবার মামলা দায়ের হল বিধাননগর সাইবার ক্রাইম শাখায়। বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার ইমেইল মারফত এই অভিযোগ জানিয়েছেন। অভিযোগপত্রে হুমায়ুনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগকারীর দাবি, উপনির্বাচনের দিন আদর্শ আচরণবিধি লঙ্ঘন, তথ্যপ্রযুক্তি আইনের বিধি ভাঙা, কর্তব্যরত পুলিশকর্মীদের বিরুদ্ধে অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং পুলিশের উদ্দেশে ‘কুকুর’ শব্দ ব্যবহারের মতো অভিযোগ রয়েছে। পাশাপাশি পিতৃত্ব ও জন্ম সংক্রান্ত অশ্লীল ও মানহানিকর মন্তব্য এবং জনপ্রতিনিধি হিসেবে ভাষার অপব্যবহারের অভিযোগও আনা হয়েছে।
অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট ঘটনার অডিয়ো-ভিজ্যুয়াল রেকর্ডিং হয়েছে এবং তা ইতিমধ্যেই ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ১৯৬, ৩৫১(২), ৩৫৩(১), ৩৫৬ এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১২৩(২) ও ১২৫ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন ছিল। রেজিনগরে ভোট দিতে গিয়ে আইনভঙ্গের অভিযোগে পুলিশ হুমায়ুন কবীরকে গ্রেফতার করেছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বুধবার সংবাদমাধ্যমের সামনে এসে ফের বিস্ফোরক মন্তব্য করেন নওদার বিধায়ক। নিজের ছেলের বিরুদ্ধেও বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন তিনি। চোখে জল নিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিতও দেন। পাশাপাশি জানান, শুভেন্দু অধিকারী যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন তিনি বিধানসভায় যাবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.