ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তৃণমূল সাংসদ দেবকে কটাক্ষ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তার জবাবে সরাসরি আক্রমণের পথে হাঁটলেন না তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বরং তিনি জানিয়ে দেন, দেব নিজেই যদি প্রয়োজন মনে করেন, উত্তর দেবেন। অন্য কেউ তাঁর হয়ে প্রতিক্রিয়া দেবে না।
কুণাল ঘোষ বলেন, “দেবকে শুভেন্দু অপমান করে থাকলে তার জবাব দেব নিজে দিতে পারে, আমি দেব না। কারণ, দেবের নিজস্ব নীতি আছে। ও তো একেবারে মহামানব শিশু। ওর দর্শন হল—‘মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না?’ ও কখনও কাউকে পাল্টা কিছু বলে না।”
তিনি আরও বলেন, “আপনারা কি কখনও দেখেছেন দেব কাউকে রাজনৈতিকভাবে আক্রমণ করতে? ধরুন, মিঠুন চক্রবর্তী প্রায়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন, কিন্তু কখনও কি দেব তাঁকে জবাব দিয়েছে? দেয়নি। দেব বিশ্বাস করে—আমি সবার কাছে ভালো থাকব। তাই শুভেন্দুর কথাতেও ওর কোনও প্রতিক্রিয়া থাকবে কিনা, সেটা একান্তই ওর ব্যাপার।”
এই বক্তব্যের মাধ্যমে কুণাল ঘোষ পরিষ্কার করে দেন যে, দেবের মতাদর্শ অনুযায়ী, রাজনীতিতে শালীনতা বজায় রাখা ও অহিংস পথে প্রতিক্রিয়া দেওয়াই শ্রেয় বলে তিনি মনে করেন। সেই কারণেই দেবের হয়ে কেউ আক্রমণাত্মক পথে যেতে রাজি নন।







