পহেলগামে ২৬ পর্যটক হত্যাকাণ্ডের তদন্তে সোমবার জম্মুর এনআইএ বিশেষ আদালতে অতিরিক্ত চার্জশিট দাখিল করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ওই চার্জশিটে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে এই হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এর আগেও বিভিন্ন সন্ত্রাসবাদী হামলায় হাফিজ সইদের যোগসূত্রের অভিযোগ উঠেছে। যদিও প্রতিবারই পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক মহলে নয়াদিল্লির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের অভিযোগ তুলেছে। পহেলগাম হামলার পর গত বছরের মে মাসে ভারত-পাকিস্তান উত্তেজনার সময়ও ইসলামাবাদ একই ধরনের দাবি করেছিল।
উল্লেখ্য, গত ডিসেম্বরে এনআইএ যে প্রথম চার্জশিট জমা দিয়েছিল, সেখানে পাকিস্তান ও জম্মু-কাশ্মীরের একাধিক জঙ্গির নাম থাকলেও মূল পরিকল্পনাকারীর পরিচয় তখনও তদন্তাধীন বলে জানানো হয়েছিল।
সোমবার দাখিল করা অতিরিক্ত চার্জশিটে এনআইএ জানিয়েছে, পাকিস্তানে বসেই হাফিজ সইদ এই হামলার নীলনকশা তৈরি করেন এবং তাঁর নির্দেশ অনুযায়ী গোটা হত্যাকাণ্ড কার্যকর করা হয়। তদন্তে আধুনিক প্রযুক্তির সহায়তায় সংগৃহীত তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই সিদ্ধান্তে পৌঁছেছে সংস্থা।
চার্জশিটে হাফিজ সইদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং ইউএপিএ-র একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
ডিসেম্বরে দাখিল করা প্রথম চার্জশিটে লস্কর-ই-তইবার শীর্ষ নেতা সাজিদ জাট, ফয়সল জাট ওরফে সুলেমান শাহ, হাবিব তাহির এবং আবু হামজার নাম উল্লেখ ছিল। এঁরা সকলেই পাকিস্তানের নাগরিক। পাশাপাশি জম্মু-কাশ্মীরের বাসিন্দা পারভেজ আহমেদ ও বশির আহমেদ জোথাড়ের নামও অভিযুক্তদের তালিকায় ছিল।
গত বছরের ২২ এপ্রিল পহেলগামে জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে। ঘটনার তদন্তভার পরে এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়। দেশ-বিদেশের বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তদন্তকারী সংস্থা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ২০০৮ সালের মুম্বই হামলার মতোই পহেলগাম হত্যাকাণ্ডের পরিকল্পনা ও পরিচালনা পাকিস্তান থেকেই করা হয়েছিল। বিস্তৃত তদন্তের পর এনআইএর দাবি, এই হামলার মূল মাস্টারমাইন্ড ছিল হাফিজ সইদ।







