দেশের কর্মজীবী মানুষের জন্য সুখবর নিয়ে এল কেন্দ্র। সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় পেশ করলেন নতুন ‘আয়কর’ বিল, যা মুহূর্তের মধ্যেই পাস হয়ে যায়। তবে নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপের অভিযোগে বিরোধী দলীয় সাংসদরা ওয়াকআউট করায় কোনও আলোচনা ছাড়াই বিলটি অনুমোদিত হয়। আগামী বছরের ১ এপ্রিল থেকেই এই নতুন আইন কার্যকর হবে।
অর্থমন্ত্রী জানান, ১৯৬১ সালের পুরনো আয়কর আইনের পরিবর্তন ঘটিয়ে কর্মীদের স্বার্থে এই বিল আনা হয়েছে। লোকসভার পর মঙ্গলবার রাজ্যসভায় পেশ হবে বিলটি। সেখানে পাস হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।
নতুন বিলের মূল সুবিধা
নতুন ব্যবস্থায় আগের বিভিন্ন কর ছাড় যেমন ৮০সি, ৮০ডি ধারার আওতায় দেওয়া হতো, সেগুলি একত্রিত করে একটি একক করছাড়ের আওতায় আনা হয়েছে। ফলে, সব কর্মচারীই সর্বোচ্চ ৭.৫ লাখ টাকা পর্যন্ত আয়কর ছাড় পাবেন। এর আগে যেখানে আলাদা আলাদা ধারা মিলিয়ে ছাড় নেওয়া যেত, সেখানে এখন সরাসরি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত করমুক্ত সুবিধা পাওয়া যাবে।
তবে কর স্ল্যাবে কোনও পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ, এটি এককালীন করছাড়ের সুযোগ হলেও আলাদা বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে না।







