বিদেশ

ট্রাম্পের টার্গেট মাদুরো, ধরিয়ে দিলে মিলবে কোটি কোটি টাকা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নতুন করে চাপ বাড়াল যুক্তরাষ্ট্র। মাদক ও সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত মাদুরোকে গ্রেপ্তারের জন্য ঘোষিত পুরস্কারের অঙ্ক ২৫ মিলিয়ন ডলার থেকে দ্বিগুণ বাড়িয়ে ৫০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪০০ কোটিরও বেশি) করল ওয়াশিংটন। এর ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব আরও তীব্র আকার নিল।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক ভিডিও বার্তায় জানান, এই পদক্ষেপের উদ্দেশ্য মাদুরোকে ন্যায়বিচারের মুখোমুখি করা। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২০ সালে ট্রাম্প প্রশাসন প্রথমে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল, যা পরে বাইডেন আমলে ২৫ মিলিয়নে উন্নীত হয়। এবার ট্রাম্পের নেতৃত্বে সেটি দ্বিগুণ করা হলো। বন্ডির কথায়, “প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে মাদুরো তার ঘৃণ্য অপরাধ থেকে বাঁচতে পারবে না।”

মার্কিন বিচার বিভাগের অভিযোগ, মাদুরো ‘কার্টেল অব দ্য সান’-এর নেতৃত্বে গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচার পরিচালনা করছেন এবং কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্ক-এর সঙ্গে মিলে এই পাচারের ষড়যন্ত্রে জড়িত। এছাড়া ভেনেজুয়েলার কুখ্যাত ‘ত্রেন দে আরাগুয়া’ ও মেক্সিকোর ‘সিনালোয়া কার্টেল’-এর সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। ডিইএ জানিয়েছে, মাদুরোর সহযোগীদের কাছ থেকে প্রায় ৩০ টন কোকেন বাজেয়াপ্ত হয়েছে, যার মধ্যে ৭ টন সরাসরি তাঁর সঙ্গে যুক্ত। পাশাপাশি, দুটি ব্যক্তিগত জেট, নয়টি গাড়ি ও প্রায় ৭০০ মিলিয়ন ডলারের সম্পত্তি জব্দ করা হয়েছে। গত জুনে ভেনেজুয়েলার সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুগো কারভাহালের স্বীকারোক্তি এই অভিযোগকে আরও জোরদার করেছে।

অন্যদিকে, মাদুরো সব অভিযোগ অস্বীকার করে আসছেন। ভেনেজুয়েলার বিদেশ মন্ত্রী ইভান গিল এই ঘোষণা ‘দুর্ভাগ্যজনক ও হাস্যকর’ বলে আখ্যা দিয়ে দাবি করেছেন, এটি কেবল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। তাঁর অভিযোগ, মার্কিন বিচার বিভাগের অন্যান্য বিতর্ক থেকে মনোযোগ সরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদুরো প্রশাসন বরাবরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অবৈধ অর্থনৈতিক যুদ্ধ’ বলে বর্ণনা করে আসছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরস্কারের অঙ্ক দ্বিগুণ করা শুধু ওয়াশিংটন-কারাকাস উত্তেজনাই বাড়াবে না, বরং লাতিন আমেরিকার আঞ্চলিক রাজনীতিতেও নতুন অস্থিরতার জন্ম দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.