কলকাতার প্রাচীন ঐতিহ্যকে সংরক্ষণ ও নতুন রূপ দেওয়ার উদ্যোগে এগিয়ে এল গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)। তাদের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) প্রকল্পের অংশ হিসেবে বাগবাজারের ‘মায়ের ঘাট’ এবং গার্ডেন রিচের ‘সুরিনাম ঘাট’-এর সৌন্দর্যায়নের দায়িত্ব নিয়েছে সংস্থাটি।
৬ আগস্ট ২০২৫ তারিখে এই প্রকল্পের জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। জিআরএসই-এর জিএম রাজীব শ্রীবাস্তব এবং শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর ট্রাস্টের (এসএমপিকে) চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মিত্র এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিআরএসই-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (অব.) কমোডর পি আর হরি, এসএমপিকে চেয়ারম্যান রাথেন্দ্র রামন এবং দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা।
উত্তর কলকাতার বাগবাজারের ‘মায়ের ঘাট’ ঐতিহাসিক ও ধর্মীয় কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী সারদা মা বাগবাজারে অবস্থানকালে এই ঘাট ব্যবহার করতেন। সংস্কারের মাধ্যমে এখানে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই স্থানটির গুরুত্ব বুঝতে পারে।
অন্যদিকে, সুরিনাম ঘাটের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় প্রবাস ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৮৭৩ সালের ২৬ ফেব্রুয়ারি এখান থেকেই ‘লল্লা’ নামের পালতোলা জাহাজে ৪১০ জন চুক্তিভিত্তিক শ্রমিক ও তাঁদের পরিবার ডাচ উপনিবেশ সুরিনামের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন। পরবর্তী চার দশকে আরও ৩৪ হাজারের বেশি ভারতীয় এই পথ ধরে সুরিনামে পৌঁছান। বর্তমানে সুরিনামের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত। ঘাটে অবস্থিত ‘মাই বাপ মেমোরিয়াল’ তাঁদের অদম্য মনোবলের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
জিআরএসই-এর এই উদ্যোগ শুধু দুটি ঐতিহ্যবাহী ঘাটকেই নবরূপ দেবে না, বরং ভারতের সাংস্কৃতিক ও প্রবাসী ইতিহাসের উজ্জ্বল অধ্যায়গুলোও নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে।







