স্বাধীনতা দিবসের ৭৯তম উপলক্ষে ভাষণ থেকে অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লার প্রাচীর থেকে তিনি ঘোষণা করলেন কেন্দ্রের নতুন কর্মসূচি ‘জনবিন্যাস অভিযান’। তাঁর দাবি, সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীদের কারণে দেশের সামাজিক কাঠামো ও জনসংখ্যার ভারসাম্যে পরিবর্তন ঘটছে, যা জাতীয় নিরাপত্তার জন্যও বিপজ্জনক।
প্রধানমন্ত্রীর কথায়, সুচিন্তিতভাবে দেশের জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা চলছে। এই অনুপ্রবেশকারীরা শুধু তরুণদের কর্মসংস্থানের সুযোগ কেড়ে নিচ্ছে না, বরং গ্রামীণ ও সীমান্ত এলাকার মানুষ, বিশেষ করে আদিবাসীদের জমি দখল করছে এবং নারী নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন এ ধরনের কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
সম্প্রতি বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার হয়েছে। যদিও শুক্রবারের বক্তব্যে মোদী সরাসরি বাংলাদেশ বা বাংলা ভাষার উল্লেখ করেননি, তবু তিনি ইঙ্গিত দিয়েছেন, সীমান্ত অঞ্চলের জনসংখ্যাগত পরিবর্তন সংঘর্ষের কারণ হয়ে দাঁড়াতে পারে।
দীর্ঘদিন ধরেই সীমান্ত অনুপ্রবেশের প্রসঙ্গ বিজেপি নেতৃত্ব বারবার তুলেছে। পশ্চিমবঙ্গ-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে এই ইস্যুতে সরব থেকেছে কেন্দ্র। এবার স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেও প্রধানমন্ত্রী অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন।







