নিজস্ব সংবাদদাতা: ডুরান্ড কাপের চলতি আসরে বড়সড় অঘটন ঘটাল ডায়মন্ড হারবার এফসি। আইএসএলের শক্তিশালী দল জামশেদপুর এফসিকে তাদেরই ঘরের মাঠে ২-০ গোলে হারিয়ে প্রথমবার অংশগ্রহণ করেই সেমিফাইনালে পৌঁছে গেল কলকাতার ক্লাবটি। কিবু ভিকুনার কৌশল, লড়াইয়ের মানসিকতা এবং অদম্য ডিফেন্সে ভর করে অবিশ্বাস্য সাফল্যের সাক্ষী থাকল ভারতীয় ফুটবল।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে নির্ভরযোগ্য বিদেশি স্ট্রাইকার ক্লেটন সিলভেইরা মাঠে নামতে না পারলেও, তার অভাব কোনও ভাবেই টের পাওয়া যায়নি। লুকা মায়সেন, জবি জাস্টিনরা সামনের সারিতে চাপ তৈরি করেন শুরু থেকেই। ম্যাচের তৃতীয় মিনিটেই সাইরুয়াত কিমার গোল এনে দেন ডায়মন্ড হারবারকে। জবি জাস্টিনের দূরপাল্লার শক্তিশালী থ্রো থেকেই গোলের সুযোগ তৈরি হয়। এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলমুখ খুলতে পারেনি দুই দলই।
প্রথমার্ধের ৪১ মিনিটে ফের গোল করেন কিমা। ব্যবধান বাড়িয়ে ড্রেসিংরুমে যায় ভিকুনার ছেলেরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে গোল শোধ করার সুযোগ পেলেও ব্যর্থ হয় জামশেদপুর। সদ্যই কোচ খালিদ জামিলকে হারিয়েছে আইএসএলের এই দল। ভারতীয় দলের দায়িত্ব সামলানোর জন্য জামশেদপুর ছাড়েন তিনি। সেই শূন্যতা যে দলের পারফরম্যান্সে বড়সড় প্রভাব ফেলেছে, তা স্পষ্ট।
দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ে নিশু কুমার, প্রণয় হালদাররা। আগ্রাসী মনোভাব নিয়ে খেললেও ডায়মন্ড হারবারের দুর্দান্ত রক্ষণভাগ এবং গোলকিপার মিরশাদের অনবদ্য সেভে বারবার ব্যর্থ হয় জামশেদপুর। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানেই ম্যাচ জিতে ইতিহাস গড়ে ফেলে ডুরান্ড কাপের প্রথম বর্ষপূর্তিতে অংশ নেওয়া আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসি।
নিঃসন্দেহে এ এক স্মরণীয় সাফল্য, যা শুধু ক্লাব নয়, বাংলার ফুটবলকেও নতুন উচ্চতায় তুলে ধরল।







