জেলা

অন্ধ্রপ্রদেশে গ্রেফতার মা ও প্রেমিক, খুনের অভিযোগ তিন বছরের কন্যাকে

দক্ষিণ ২৪ পরগনায় ঘটে গেলো এক চাঞ্চল্যকর ও অমানবিক ঘটনা। স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকতে গিয়ে তিন বছরের কন্যাকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, সরিষা কামারপোল গ্রামের বাসিন্দা নাজিরা বিবি কয়েক মাস আগে তাজউদ্দিন মোল্লার সঙ্গে অন্ধ্রপ্রদেশে চলে যান। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ছোট্ট মেয়েকেও।

কিছু দিন আগে শিশুটির বাবা আজাহার লস্করকে জানানো হয়, মেয়ে দুর্ঘটনায় মারা গিয়েছে। কিন্তু সন্দেহ হওয়ায় তিনি পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে রাজ্যের ডায়মন্ড হারবার জেলা পুলিশ যোগাযোগ করে অন্ধ্রপ্রদেশ পুলিশের সঙ্গে। তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। প্রথমে দুর্ঘটনার গল্প বললেও পরে নাজিরা স্বীকার করেন, প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে গিয়ে সন্তানকে বাধা মনে হয়েছিল তাঁর। সেই কারণেই মিলে খুন করা হয় তিন বছরের কন্যাকে। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় স্থানীয়ভাবে শিশুটির দেহ দাফনও করা হয়।

শেষমেশ নাজিরা ও তাজউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, নাজিরা বর্তমানে অন্তঃসত্ত্বা এবং দাবি করেছেন, গর্ভের সন্তান তাজউদ্দিনের। এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে বলেন, ‘‘প্রেমিকের সঙ্গে সংসার করার জন্য মা-ই নিজের সন্তানকে খুন করেছেন।’’

শিশুটির বাবা আজাহার লস্করের দাবি, অভিযুক্তরা যাতে কোনওভাবেই ছাড়া না পায়, তা নিশ্চিত করুক প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.