ক্রাইমজেলা

ষষ্ঠীর রাতে রক্তাক্ত পুরুলিয়া! প্রথমে কুড়ুলের কোপ তারপর স্ত্রীর দেহে আগুন ধরাল স্বামী

পুরুলিয়া: পুজোর আবহে হাড়হিম করা ঘটনা ঘটল বলরামপুর থানা এলাকার করমা গ্রামে। অভিযোগ, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে নৃশংসভাবে খুন করে আগুনে পুড়িয়ে দিলেন স্বামী। অভিযুক্ত নবীন মোদককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতার নাম মাধুরী মোদক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবীন ও মাধুরীর মধ্যে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল। শনিবার রাতে দম্পতির মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা হয়। অভিযোগ, রবিবার ভোররাতে নবীন প্রথমে কুড়ুল দিয়ে স্ত্রীর উপর হামলা চালান। এরপর বাইরে রাখা স্কুটির ট্যাঙ্ক থেকে পেট্রল এনে স্ত্রী ও বাড়ির বিভিন্ন অংশে ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তে শিখা গ্রাস করে নেয় গোটা ঘর।

চিৎকার ও আগুনের তাপে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁদের চোখে ধরা পড়ে বিভীষিকাময় দৃশ্য—জ্বলন্ত ঘরের বাইরে হাতে কুড়ুল নিয়ে দাঁড়িয়ে নবীন। খবর যায় বলরামপুর থানায়। পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। উদ্ধার করা হয় আংশিক দগ্ধ দেহ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে।

অভিযুক্ত নবীনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে মৃতার একমাত্র মেয়ে অনিতা শ্বশুরবাড়ি থেকে এসে পৌঁছেছেন।

পুজোর আনন্দঘন আবহে এহেন নারকীয় ঘটনায় আতঙ্কিত ও শোকস্তব্ধ করমা গ্রাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.