নির্ধারিত কর জমা না দেওয়ায় , দিঘায় একাধিক হোটেলে তালা ! রাতারাতি হোটেলে তালা ঝুলিয়ে দেয় দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও পুলিশকর্তারা । ঘটনা বুধবারের । এমনকি পর্যটকদেরও মাঝরাতে বেরিয়ে যেতে হয় । যেসব পর্যটকরা এই সমস্যার সম্মুখীন হয়েছেন , রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা ।
উল্লেখ্য , দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী , হোটেলে আহত প্রতি পর্যটক পিছু কর দিতে হবে ১০ টাকা করে । অভিযোগ , বেশ কয়েকটি হোটেল থেকে সেই করের টাকা পাওয়া যাচ্ছিল না । সেই কারণেই এদিন রাতে , হোটেলে হানা দেওয়া চলে । মাঝ রাতেই পর্যটকদের হোটেল ছেড়ে , বাইরে বেরিয়ে যেতে হয় । তালা পড়ে ওল্ড দীঘার একাধিক হোটেলে ।
এক হোটেল ব্যবসায়ী দেবব্রত দাস এবিষয়ে জানিয়েছেন, “কোনও কারণে সরকারি কর জমা করতে পারেনি। তাই বলে পর্যটকদের বের করে হোটেলে তালা দেওয়া উচিত হয়নি।” তিনি আরো বলেন, “আমরা তিলে তিলে দিঘাকে গড়ে তুলেছি। সরকারও চায় না ব্যবসায়ীদের বাদ দিয়ে এলাকায় উন্নয়ন করতে। কিছু প্রশাসনিক আধিকারিকের মদতে দিঘায় দিনের পর দিন ব্যবসায়ীদের উপর অত্যাচার চলছে।”
দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায়ের কথায়, “এটা রাতে না করে সকালে করলে ভালো হতো। রাতে পর্যটকদের সমস্যায় ফেলানো হলো।”







