নভেম্বর পড়তেই , সুখবর সাধারণ মানুষের জন্য । গত মাসে দাম বাড়লেও , এবার কমল রান্নার গ্যাসের দাম। ১ তারিখ থেকেই কার্যকর হচ্ছে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম।
দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের তুল্যমূল্য বিচার করে এবং সমস্ত কিছু পর্যালোচনা করে , প্রতি মাসের শুরুতে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো বা কমানো হয়। এবার বিশ্ব বাজারের দাম পর্যালোচনা করেই , সামান্য কমল ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম।
ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী , ১ তারিখ থেকে , সাড়ে ৪ থেকে সাড়ে ৬ টাকা কমছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতাতে দাম কমছে , প্রতি সিলিন্ডারে সাড়ে ৬ টাকা করে। কলকাতাতেই সব থেকে বেশি দাম কমে সিলিন্ডারের দাম হয়েছে ১,৬৯৪ টাকা। পাশাপাশি দিল্লি ও মুম্বাইতে , প্রতি বাণিজ্যিক সিলিন্ডারে ৫ টাকা করে দাম কমে , বর্তমানে সিলিন্ডারের দাম হয়েছে যথাক্রমে ১,৫৯০ টাকা ৫০ পয়সা এবং ১,৫৪২ টাকা। চেন্নাইতে সিলিন্ডার পিছু দাম কমেছে সাড়ে ৪ টাকা করে। ১,৭৫০ টাকা করে , দাম হয়েছে চেন্নাইতে বাণিজ্যিক সিলিন্ডারের।
উল্লেখ্য ১৪.২ কেজির সিলিন্ডার , যেটি গৃহস্থ্যে ব্যবহৃত হয় , তার দামে কোনো পরিবর্তন হয়নি। গৃহস্থ্যে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম একই রয়েছে , কলকাতাতে – ৮৭৯ টাকা , দিল্লিতে – ৮৫৩ টাকা , মুম্বাইতে – ৮৫২ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইতে – ৮৬৮ টাকা ৫০ পয়সা।







