খেলাধুলা

মাঠে নেমেছে সুপ্রিম কোর্ট, আলোচনার পথে ফেডারেশন-এফএসডিএল

ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় লিগ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ঘিরে তৈরি হওয়া অচলাবস্থায় নয়া আলো দেখাল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি পিএস নরসীমা ও জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, এআইএফএফ এবং এফএসডিএল আলোচনায় বসতে পারবে। সম্ভব হলে এক সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান খোঁজার পরামর্শও দিয়েছে শীর্ষ আদালত। ফলে মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট নবীকরণ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তার নিষ্পত্তির সম্ভাবনা জোরালো হল।

উল্লেখ্য, এআইএফএফ ও এফএসডিএলের এই মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট শেষ হবে আগামী ৮ ডিসেম্বর। চুক্তি নবীকরণ না হলে আইএসএল আয়োজনই সম্ভব নয়। ১৩টি আইএসএল ক্লাবের মধ্যে ১১টি ক্লাবই ফেডারেশনকে অনুরোধ জানিয়েছিল দ্রুত সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ চাওয়ার জন্য। তাদের আশঙ্কা, চুক্তি অনিশ্চিত থাকলে লিগ বন্ধ হয়ে যেতে পারে। সেই কারণেই ক্লাবগুলির তরফে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন আদালতের দ্বারস্থ হন।

শুনানির সময়ে সুপ্রিম কোর্ট জানায়, ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়া বিলের বিষয়টিকে গুরুত্ব দিতে হচ্ছে। তবে সমস্ত পক্ষকে আলোচনায় এনে সমাধানের পথ খুঁজতে হবে। আদালতের নির্দেশে এখন ফেডারেশন ও এফএসডিএলের মধ্যে সরাসরি বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফুটবল মহলের মতে, আলোচনার রাস্তা খোলায় মাস্টার্স রাইটস চুক্তি দ্রুত নবীকরণ হতে পারে।

এই জটিলতায় ইতিমধ্যেই ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইয়িন এফসি খেলোয়াড় ও কর্মীদের সঙ্গে নতুন চুক্তি স্থগিত রেখেছিল। শুক্রবারের নির্দেশের পর তারা নতুন আশায় বুক বাঁধছে। কারণ আলোচনার মাধ্যমে সমাধান হলে শুধু আইএসএলই নয়, ভারতীয় ফুটবলের সামগ্রিক ভবিষ্যতও সুরক্ষিত হবে। ২৮ অগস্ট মামলার পরবর্তী শুনানির আগে সব নজর এখন এআইএফএফ ও এফএসডিএলের আলোচনার দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.