প্রায় ১৪ বছর ধরে মুম্বইয়ের দাদরে একটি কারখানায় কাজ করছিলেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের কুলেরহাটি পঞ্চায়েতের সর্দার পাড়ার বাসিন্দা সাইফুল শেখ। স্ত্রী ও তেরো বছরের ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতেই সংসার গড়েছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়েই বদলে যায় পরিস্থিতি। বাংলায় কথা বলার কারণে তাঁকে বাংলাদেশি আখ্যা দিয়ে স্থানীয় বাসিন্দারা নানা ভাবে হেনস্থা করতে শুরু করেন। সাইফুলের দাবি, পুলিশও মাথাপিছু টাকা দাবি করত। বাইরে বেরোলেই মারধরের ঘটনাও ঘটে।
এই চাপে শেষ পর্যন্ত কারখানা বন্ধ করে দেন মালিক। উপার্জন বন্ধ হয়ে যায় সাইফুলের। সঞ্চিত অর্থ শেষ হয়ে আসায় বাড়িওয়ালাও বাড়ি ছাড়তে বলেন। অন্য রাজ্যে থাকা বেশিরভাগ শ্রমিকই তখন চুপিসাড়ে পালিয়ে যান। কিন্তু পরিবার সঙ্গে থাকায় আটকে যান সাইফুল। অবশেষে এক সপ্তাহ আগে সাহস করে স্ত্রী ও সন্তানকে নিয়ে লোকাল ট্রেনে পালান তিনি। দাদর থেকে কয়েক ঘণ্টার দূরত্বে কল্যাণে পৌঁছন। সেখানে পরিচিত কয়েকজন থাকলেও থাকার জায়গা পাননি। শেষপর্যন্ত এক মন্দিরে পুরোহিত আশ্রয় দেন তাঁদের। তিন দিন ধরে মন্দিরের ভেতরেই লুকিয়ে কাটান পরিবারটি।
আতঙ্কে জর্জরিত সাইফুল তখন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘এক ডাকে অভিষেক’ প্রকল্পের নম্বরে ফোন করেন। সেখান থেকেই যোগাযোগ করেন জেলা পরিষদের সদস্য বাবান গাজি। কিছু টাকা পাঠিয়ে দ্রুত বাংলায় ফেরার পরামর্শ দেন তিনি। টিকিট কেনারও সুযোগ না পেয়ে প্ল্যাটফর্ম টিকিট কেটে ট্রেনে ওঠেন সাইফুলরা। বৃহস্পতিবার বিষ্ণুপুরে ফিরেছেন তাঁরা।
চোখেমুখে এখনও আতঙ্কের ছাপ। সাইফুল বলেন, “চেনা জায়গায় এত হেনস্থা কল্পনাও করিনি। শেষ পর্যন্ত মন্দিরে লুকিয়ে থাকতে হয়েছে। কল্যাণের পুরোহিতই আমাদের রক্ষা করেছিলেন। বাইরে গিয়ে আর কাজ করার ইচ্ছা নেই। মার খেয়ে মরার চেয়ে এলাকায় ভিক্ষা করে খাওয়াই ভালো।”
বিষ্ণুপুরের বিধায়ক তথা মন্ত্রী দিলীপ মণ্ডল জানান, খবর পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর কথায়, “বাংলা বলায় কাউকে এভাবে হেনস্থা করা লজ্জাজনক। পরিবারটির পাশে আমরা আছি। মুখ্যমন্ত্রীও আশ্বাস দিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের পাশে থাকবেন।”







