বিনোদন

অজয় দেবগণের ব্যস্ত ক্যালেন্ডার! আসছে দৃশ্যম ৩, গোলমাল ফাইভ ও নতুন হরর-কমেডি

বলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে অন্যতম অজয় দেবগণ। একের পর এক বড়ো প্রজেক্ট হাতে থাকায় আগামী দুই বছর প্রায় নিরবচ্ছিন্ন কাজের মধ্যে কাটবে তাঁর। বর্তমানে পরিচালক জগন শক্তির রেঞ্জার ছবির শুটিংয়ে ব্যস্ত অজয়। এর পরপরই শুরু হবে দুটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির (‘দৃশ্যম ৩’ এবং ‘গোলমাল ফাইভ’) নতুন অধ্যায়। জানা গেছে, অক্টোবরে শুরু হবে ‘দৃশ্যম ৩’-এর শুটিং, আর নতুন বছরের জানুয়ারি থেকে ক্যামেরার সামনে যাবে গোলমাল ফাইভ।

এদিকে শোনা যাচ্ছে, অজয় নতুন এক হরর-কমেডি ছবির জন্য কন্নড় পরিচালক জে.পি. তুমিনাডুর সঙ্গে আলোচনা করছেন। কেভিএন প্রোডাকশনস প্রযোজিত এই ছবিটি ২০২৬-এর প্রথমার্ধেই শুটিং ফ্লোরে নামতে পারে। মজার ব্যাপার, অজয়কে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ হরর-কমেডি ঘরানায় দেখা যায়নি, ফলে এই প্রজেক্ট ভক্তদের জন্য বাড়তি চমক হতে চলেছে। একই প্রযোজনা সংস্থা অক্ষয় কুমার ও সইফ আলি খানের ‘হেওয়ান’ এবং যশ অভিনীত ‘টক্সিক’-এর মতো ছবিও নিয়ে আসছে বলিউডে।

অন্যদিকে, ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য রয়েছে বিশেষ খবর। মূল মালয়ালম সিরিজের পরিচালক জিতু জোসেফ স্পষ্ট জানিয়েছেন কোনও অবস্থাতেই হিন্দি সংস্করণ মালয়ালম ভার্সনের আগে শুরু হবে না। সম্প্রতি তিনি জানিয়েছেন, এখনও তিনি ‘দৃশ্যম ৩’-এর স্ক্রিপ্ট লিখছেন এবং মাত্র ক্লাইম্যাক্স শেষ করেছেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী, মোহনলাল অভিনীত মালয়ালম ভার্সন অক্টোবর থেকে শুটিং শুরু করবে, এরপরেই ফ্লোরে যাবে অজয়ের হিন্দি ভার্সন। সব মিলিয়ে, অ্যাকশন, থ্রিলার থেকে শুরু করে হরর-কমেডি, থেকে প্রতিটি ঘরানায় বাজিমাত করতেই যেন প্রস্তুত অজয় দেবগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.