মার্ভেল ভক্তদের অপেক্ষার প্রহর এখন আরও উত্তেজনায় ভরপুর। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর ঘোষণায় ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে থাকলেও ছবির সেট থেকে ভেসে আসছে এক বিস্ফোরক খবর। শোনা যাচ্ছে, শুটিং চলাকালীন দুই তারকা অভিনেতার মধ্যে নাকি ঘটে গেছে তীব্র সংঘর্ষ। সূত্রের দাবি, এক নিরীহ রসিকতাই মুহূর্তের মধ্যে রূপ নিয়েছিল বড়সড় বাগ্বিতণ্ডায়।
জন রোচা, যিনি এর আগে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে হাল্ক ও পানিশারের উপস্থিতির খবর ফাঁস করেছিলেন, তিনি এইবার জানান,”একজন অভিনেতা মজা করে আরেকজনকে কিছু বলেন। কিন্তু দুজনের মধ্যে ঘনিষ্ঠতা না থাকায় সেই মন্তব্যকে অপমানজনক বলে মনে করেন অপরজন। মুহূর্তেই শুরু হয় উত্তপ্ত বাক্যযুদ্ধ, যা প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।” মার্ভেল শিবির যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, কিন্তু ভক্তদের ধারণা এই দুই অভিনেতা আর কেউ নন, রবার্ট ডাউনি জুনিয়র (নতুন খলনায়ক ডক্টর ডুম) এবং রায়ান রেনল্ডস (ডেডপুল)। এক ভক্তের ভাষায়,”এখন অলিগলি জুড়ে একটাই গুঞ্জন, আরডিজে আর রায়ান সেটে ঝামেলা পাকিয়েছে।” অন্যজন আবার বলেন,”দুজনেই এতটাই প্যাশনেট যে সংঘর্ষ হতেই পারে। এনার্জি থেকেই হয়তো সেরা দৃশ্য তৈরি হবে।”
অভ্যন্তরীণ সূত্রে আরও জানা যায়, ডক্টর ডুমের স্যুট নিয়েও আরডিজে প্রযোজনা টিমের উপর ক্ষুব্ধ হয়েছেন। কারণ, তাঁর দৃশ্যে ডাবল ব্যবহার করা হয়েছিল। তিন সপ্তাহ শুটের পরই তিনি নাকি ঘোষণা করেন সব কিছু নতুন করে তাঁকেই করতে হবে। এই সিদ্ধান্তে শুটিং ইউনিটে তৈরি হয়েছে বাড়তি টানাপোড়েন। পডকাস্টার জেফ স্নাইডার দাবি করেছেন,”ডুমসডে-এর সেটের উত্তেজনা নাকি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর থেকেও বেশি।” সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, মার্ভেল ভক্তরা যেমন রোমাঞ্চকর ছবির অপেক্ষায় রয়েছেন, তেমনই সেটের গোপন দ্বন্দ্ব তাঁদের কৌতূহল আরও বাড়িয়ে দিচ্ছে। ছবিটি পরিচালনা করছেন রুসো ব্রাদার্স, আর ফিরছেন ক্রিস হেমসওয়ার্থ, বেনেডিক্ট কাম্বারব্যাচ, টম হিডলস্টন, ফ্লোরেন্স পিউ প্রমুখ। তবে সবচেয়ে বড়ো আকর্ষণ রবার্ট ডাউনি জুনিয়রকে এবার দেখা যাবে খলনায়ক ডক্টর ডুমের ভূমিকায়।







