২৬ হাজার চাকরি বাতিলের মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টের সোজাসাপ্টা বার্তা—এসএসসি আর সময় নষ্ট করতে পারবে না। একেবারে সাত দিনের কঠোর ডেডলাইন বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। ওই সময়ের মধ্যেই ‘অযোগ্যদের’ নাম-পরিচয় প্রকাশ্যে আনতে হবে। আর তা না হলে ফল ভুগতে হবে কমিশনকেই। আদালতের স্পষ্ট ইঙ্গিত, এই নিয়োগ-প্রক্রিয়ায় আর কোনও আড়াল-আবডাল বরদাস্ত করা হবে না। এর আগে রিভিউ পিটিশন খারিজ হওয়ার ধাক্কা সামলাতেই হিমশিম খেয়েছিল রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্মীরা। এবার সরাসরি তালিকা প্রকাশের নির্দেশ আরও বাড়িয়ে দিল চাপ।
শুনানির দিন কার্যত ভর্ৎসনার সুরেই বিচারপতিরা প্রশ্ন ছুড়ে দেন—যাঁদের চাকরি অবৈধ, তাঁদের হয়ে কমিশন কলকাতা হাইকোর্টে গেল কেন? কোন যুক্তিতেই দাঁড় করানো যাচ্ছে না তাঁদের সাফাই। একইসঙ্গে আদালত জানিয়েছে, নতুন নিয়োগে কড়া নজরদারি থাকবে। একটিও অনিয়ম চোখ এড়াবে না। স্পষ্ট হুঁশিয়ারি—অযোগ্যরা যদি পরীক্ষায় বসেন, তার খেসারত দিতে হবে। এই নির্দেশের পর চূড়ান্ত দুশ্চিন্তায় রাজ্যজুড়ে হাজার হাজার কর্মী। এখন সকলের চোখ একটাই দিকে—কবে প্রকাশ্যে আসবে সেই বহুচর্চিত ‘কালো তালিকা’?







