পোড়া নোট উদ্ধারের ঘটনাকে ঘিরে মঙ্গলবার বিকেল থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ। তবে সন্ধ্যার পর সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, কলেজ চত্বরে খুঁজে পাওয়া গিয়েছে তৃণমূল ঘনিষ্ঠ এক নেতার বিলাসবহুল শয়নকক্ষ। সেখান থেকে উদ্ধার হয়েছে কন্ডোম, মদের বোতল এবং আগ্নেয়াস্ত্র। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এমন পরিস্থিতির খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়।
সূত্রের খবর, ‘টেরেস ফেসিলিটি’-র নাম করে কলেজে দুটি বেডরুমের উদ্বোধন করেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ওই কক্ষগুলি ব্যবহার করতেন কলেজ পরিচালন সমিতির সদস্য তথা তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। বিছানা, এসি, বালিশ, তোষক থেকে আধুনিক বাথরুম—সুবিধার কোনও অভাব ছিল না সেখানে। আরও অভিযোগ, কলেজের কয়েকজন কর্মীকে ওই দুই নেতার ব্যক্তিগত পরিষেবার কাজও করতে হতো। এমনকি ঘণ্টা হিসেবে সেই ঘর ভাড়া দেওয়া হতো বলেও দাবি উঠেছে। তদন্তে ওই কক্ষ থেকে কন্ডোম এবং কলেজের ছাদ থেকে মদের বোতল উদ্ধারের কথাও জানা গিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা ও শিক্ষা ব্যবস্থাকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর দাবি, “রাজ্যের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই ঘটনাই তার প্রমাণ। কলেজে এমন কর্মকাণ্ড চলছে, অন্যদিকে কসবার কলেজে ছাত্রী নির্যাতনের অভিযোগ উঠছে, হাসপাতালে চিকিৎসক খুন হচ্ছেন। এসব সম্পর্কে শাসক দলের শীর্ষ নেতৃত্ব কিছুই জানতেন না, তা বিশ্বাস করা কঠিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সবই জানতেন।”
যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিতর্কিত বেডরুমের বিষয়ে তিনি কোনও তথ্য জানেন না।







