কলকাতার এক পাঁচতারা হোটেল রবিবার সন্ধ্যায় বর্ণিল হয়ে উঠল আনন্দ-উচ্ছ্বাসে। অ্যাড-মৃণ এন্টারটেইনমেন্ট প্রা. লি. আয়োজিত পঞ্চম বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড এবং দ্বিতীয় কলকাতা রত্ন সম্মান মঞ্চে একত্রিত হলেন বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিত্ব। এই সন্ধ্যা শুধুই আলোকোজ্জ্বল ছিল না, বরং নিষ্ঠা ও সাফল্যকে সম্মান জানানোর বিশেষ মুহূর্তও হয়ে উঠল। আলো-আড়ম্বরের মধ্যে অনুষ্ঠানমঞ্চে হাজির হন বহু তারকা।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরি অভিনয়ে অসামান্য অবদানের জন্য সম্মানিত হন। তিনি জানালেন, কলকাতার সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘ দিনের। থিয়েটার থেকে শুরু করে টলিউড ছবির কাজ আজ সেই যোগ আরও গভীর হয়েছে। পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে অভিনেতা বলেন,”কাজের জন্য সম্মান পাওয়া সবসময় অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতেও দর্শকদের ভালো কাজ উপহার দিতে চাই।” সন্ধ্যার আকর্ষণ বাড়িয়ে দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনী। ধূসর কাজ করা শাড়ি ও গোলাপি ব্লাউজে রূপসী নায়িকা দর্শকদের মুগ্ধ করেন। তিনি জানান, কলকাতায় অনুষ্ঠান ও উৎসবে যোগ দিতে সবসময়ই আনন্দ পান। বহু বছর পর্দা থেকে দূরে থাকলেও, উপযুক্ত প্রস্তাব পেলে অভিনয়ে ফেরার ইঙ্গিতও দিলেন।
এদিনের আসরে উপস্থিত ছিলেন টলিউডের সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত। লাল শাড়ি ও ঐতিহ্যবাহী সাজে তিনি সকলকে মুগ্ধ করেন। পুরস্কার পেয়ে নিজের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,”এত গুণী মানুষের সঙ্গে সম্মান পাওয়া সত্যিই আনন্দের।” অনুষ্ঠানে মন্দাকিনীর সঙ্গে সাক্ষাৎ তাঁর জন্য বিশেষ স্মরণীয় হয়ে ওঠে। শৈশবের নায়িকাকে সামনে পেয়ে তিনি শ্রদ্ধা জানালেন ‘রোজ রোজ আখোঁ তলে’র সুর গেয়ে। সন্ধ্যার এই আসর তাই হয়ে উঠল সাফল্য, স্মৃতি আর আবেগের এক মহোৎসব।







