কলকাতায় অনুষ্ঠানের মঞ্চে আসার কথা ছিল কবি-গীতিকার জাভেদ আখতারের। পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির আয়োজিত এক সাহিত্য উৎসবে তিনি ছিলেন প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত। কিন্তু অনুষ্ঠানের ঠিক আগে তা বাতিল হয়ে যায়। সোমবার, ১ সেপ্টেম্বর নির্ধারিত এই অনুষ্ঠানে মূলত বলিউড সিনেমায় উর্দু ভাষার প্রয়োগ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। পাশাপাশি কবিতা পাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়েছিল।
কিন্তু জাভেদ আখতারের নাম ঘোষণার পরই শুরু হয় বিতর্ক। একাধিক কট্টর ইসলামী সংগঠন প্রকাশ্যে আপত্তি জানায়। তাদের অভিযোগ, তিনি নাস্তিক এবং ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। তাই তাঁর উপস্থিতি মেনে নেওয়া সম্ভব নয়। এই আপত্তির জেরে উর্দু অ্যাকাডেমি অনুষ্ঠান বাতিল করে বলে প্রচারিত হয়। যদিও সংস্থার দাবি,”অনিবার্য কারণবশত অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে।” ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন গবেষক সাবির আহমেদ। তাঁর কথায়,”প্রত্যেকের মত প্রকাশের অধিকার আছে। কেউ ধর্মবিশ্বাসী হোক বা নাস্তিক, সেটা ব্যক্তিগত ব্যাপার। তাই এই কারণে অনুষ্ঠান বাতিল করা উচিত হয়নি। সমাজ ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ছে।”
এমন ঘটনা নতুন নয়। এর আগে একই ধরনের বিরোধিতার মুখে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এবার সেই বিরোধিতার কেন্দ্রে জাভেদ আখতার। সব মিলিয়ে সাহিত্য উৎসব ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। যদিও উর্দু অ্যাকাডেমি পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা বিতর্কে জড়াতে চায় না। আপত্তি এবং চাপের আবহে অনুষ্ঠান না করে স্থগিত রাখাই তাদের সিদ্ধান্ত। তবে সংস্কৃতি মহলের একাংশের মত, হুমকির মুখে অনুষ্ঠান বাতিল হওয়া মত প্রকাশের স্বাধীনতার ওপর বড়ো আঘাত।







