টেলিকম থেকে ট্যাক্স ফাইলিং—প্রতিবারই নতুন চমক দিয়ে এসেছে জিও। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে পা রেখে একসঙ্গে তিনটি অত্যাধুনিক পরিষেবা চালু করেছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে Jio AI Cloud, ভার্চুয়াল কম্পিউটার JioPC এবং স্মার্ট চশমা JioFrames। ক্লাউড পরিষেবার ক্ষেত্রেও এবার আলাদা মাত্রা যোগ করেছে জিও। শুধুমাত্র তথ্য সংরক্ষণ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে ভয়েস কমান্ড সুবিধা, যা ইংরেজি ছাড়াও বাংলা, হিন্দি, তামিল, তেলুগুসহ একাধিক ভারতীয় ভাষা বুঝতে সক্ষম। ব্যবহারকারীরা নিজেদের ভাষায় নির্দেশ দিলেই তা অনুযায়ী কাজ করবে ক্লাউড। পাশাপাশি ‘AI Create Hub’-এর মাধ্যমে সাধারণ ছবি থেকে তৈরি করা যাবে আকর্ষণীয় ভিডিও বা রিল।
সবচেয়ে আলোচিত পণ্য JioPC, যা সাধারণ টিভি বা যেকোনও ডিসপ্লেকে মুহূর্তে কম্পিউটারে রূপান্তরিত করতে পারে। এর জন্য প্রয়োজন শুধু একটি জিও সেট-টপ বক্স ও কিবোর্ড। ব্যয়বহুল হার্ডওয়্যার কেনার ঝামেলা ছাড়াই ক্লাউডের শক্তিতে কাজ করবে এই সিস্টেম। আবার খরচও নির্ভর করবে ব্যবহারের ওপর—যতটুকু ব্যবহার, ততটুকুই বিল। এর সঙ্গে এসেছে JioFrames, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্মার্ট চশমা। এর সাহায্যে হাত ব্যবহার না করেই ছবি তোলা, ভিডিও রেকর্ড করা, এমনকি বইয়ের সারাংশ শোনা যাবে সহজেই। ওপেন-ইয়ার স্পিকারের মাধ্যমে ফোনে কথা বলা বা গান শোনার সুবিধাও মিলবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই তিনটি উদ্ভাবন ভারতের সাধারণ মানুষের ডিজিটাল অভিজ্ঞতায় এক নতুন যুগের সূচনা করবে।







