দেশ

সিঙ্গরাউলি স্টেশনে যুবতী ধর্ষিতা, অভিযোগ জানাতে ৩০০ কিমি দূরে ছুটতে হল দম্পতিকে

মধ্যপ্রদেশে রেল নিরাপত্তা ও প্রশাসনিক উদাসীনতার চিত্র ফের সামনে এল। ২৫ বছরের এক যুবতীকে রেলস্টেশনের শৌচাগারে ধর্ষণের অভিযোগ উঠেছে। কিন্তু ঘটনার পর সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি। অভিযোগের জন্য ভুক্তভোগীকে স্বামীসহ ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে।

ঘটনাটি ঘটে গত শনিবার রাতে সিঙ্গরাউলি রেলস্টেশনে। ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন ওই দম্পতি। স্বামী খাবার কিনতে গেলে স্ত্রী শৌচাগারে যান। সেখানেই এক যুবক তাঁকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। চিৎকার করলে অভিযুক্ত নাকি হেসে বলেন, তাঁর কিছুই হবে না।

স্বামী ফিরে এসে স্ত্রীর কাছ থেকে সব জানার পর সিঙ্গরাউলি জিআরপি-তে যান অভিযোগ করতে। কিন্তু সেখানে মহিলা আধিকারিক না থাকায় অভিযোগ নথিভুক্ত করা হয়নি। কাছেপিঠে পুলিশ ফাঁড়িও না থাকায় তাঁদের যেতে হয় কটনীতে, যা প্রায় ৩০০ কিলোমিটার দূরে।

রবিবার সকালে পৌঁছে দম্পতি অভিযোগ জানান। সেখানেও প্রাথমিকভাবে কোনও মহিলা আধিকারিক ছিলেন না। পরে খবর পেয়ে জব্বলপুর জিআরপি-র ইনচার্জ সঞ্জিবনী রাজপুত এসে নির্যাতিতার বয়ান নেন। তদন্তে নেমে পুলিশ সোমবার অভিযুক্তকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, ওই দম্পতির বাড়ি সিধি জেলায়। কর্মসূত্রে তাঁরা উত্তরপ্রদেশের সোনভদ্রে থাকেন। ছুটির দিনে বাড়ি ফেরার জন্য রেলপথ ব্যবহার করেন দুজনেই। শনিবার রাতে ফের কর্মস্থলে ফেরার উদ্দেশ্যেই স্টেশনে ছিলেন তাঁরা। এই ঘটনায় প্রশ্ন উঠছে রেলস্টেশনে অভিযোগ জানানোর মতো পর্যাপ্ত ব্যবস্থা কেন নেই? এবং ধর্ষণ-সহ নারীর নিরাপত্তার ঘটনায় প্রশাসনের ভূমিকা এতটা দুর্বল কেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.