খেলাধুলার মঞ্চে নতুন দিগন্ত খুলতে গিয়েছিলেন, অথচ প্রাণ নিয়ে ফেরার লড়াই শুরু হয়েছে। ভলিবল লিগ আয়োজন করতে নেপালে গিয়ে বিপদে পড়েছেন ভারতের উপাসনা গিল। সমাজমাধ্যমে কেঁদে ফেলতে ফেলতে তিনি জানান, বিদ্রোহীদের তাণ্ডবের মাঝে পোখারার হোটেল থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়েছেন তিনি ও তাঁর সহকর্মীরা। সঙ্গে সঙ্গেই ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের আর্জি জানান উপাসনা।
মঙ্গলবার যে হোটেলে তিনি ছিলেন, সেখানেই হানা দেয় প্রতিবাদীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় ভবনে। সেই সময় স্পা সেন্টারে ছিলেন উপাসনা। আচমকা হামলায় আতঙ্কিত তিনি লাঠিধারীদের তাড়া খেয়ে কোনও রকমে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসেন। সমস্ত জিনিসপত্র হোটেলের ঘরে ফেলে আসতে হয়েছে। তাঁর কথায়, “পরিস্থিতি এতটাই খারাপ যে, পর্যটকদেরও রেহাই দিচ্ছে না কেউ।”
নেপালে গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই বিক্ষোভ শুরু। ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যুর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। শেষ পর্যন্ত সরকার নিষেধাজ্ঞা তুললেও ক্ষোভ থামেনি। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ইস্তফা দেওয়ার পর আন্দোলন আরও হিংস্র হয়ে ওঠে। একের পর এক মন্ত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ, রাস্তায় টহলদারি ও সেনার দখলে গুরুত্বপূর্ণ দফতর—পুরো দেশ কার্যত অগ্নিগর্ভ।
এই পটভূমিতেই আটকে পড়েছেন উপাসনা। তিনি জানিয়েছেন, আপাতত অন্য একটি হোটেলে আছেন, তবে কতক্ষণ নিরাপদে থাকতে পারবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে। তাঁর আর্তি—ভিডিয়ো বার্তাটি যেন যত দ্রুত সম্ভব দূতাবাসের কাছে পৌঁছয়। কারণ খেলাধুলার মঞ্চে স্বপ্ন নিয়ে আসা এই সফর এখন রূপ নিয়েছে দুঃস্বপ্নে।







