জেলারাজনীতি

হোর্ডিং ছেঁড়া বিতর্কে উত্তাল শিবপুর, একুশে জুলাই সভার আগে গোষ্ঠীদ্বন্দ্ব না কি বিরোধীদের ষড়যন্ত্র?

আগামী ২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবসের সভাকে ঘিরে তুঙ্গে উত্তেজনা। তার আগেই হাওড়ার শিবপুরে হোর্ডিং ছেঁড়াকে ঘিরে রাজনৈতিক তপ্ত উত্তাপ।

শিবপুর থানার অন্তর্গত ফরশোর রোড এবং জগৎ ব্যানার্জি রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা হোর্ডিংগুলিকে ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর তৃণমূল কংগ্রেস শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছে।

রাজ্যের মন্ত্রী অরূপ রায় সরাসরি আঙুল তুলেছেন বিজেপি ও সিপিএমের দিকে। তাঁর অভিযোগ, “ভোটের আগে সিপিএম আর বিজেপি তলায় তলায় এক হয়েছে। যারা শহীদ দিবসের সভা আটকাতে চায়, তারাই এসব করছে। আমরা তদন্তের দাবি জানিয়েছি। সিসিটিভি ফুটেজই সত্যি বলবে।”

তবে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে অন্য এক প্রশ্ন ঘিরে—এই হোর্ডিং ছেঁড়া কি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল?
কারণ অধিকাংশ ছেঁড়া হোর্ডিং-এ প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম থাকলেও, যেখানে অরূপ রায়ের নাম ছিল, সেগুলো অক্ষত। মনে পড়িয়ে দেয়, ২০২১ সালের আগে রাজীববাবু তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, পরে আবার তৃণমূলে ফিরে আসেন। এখন হাওড়া জেলা পরিষদের মেন্টরের দায়িত্বে রয়েছেন।

এই প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় সাফ জানিয়েছেন, “আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। পুলিশ তদন্ত করলেই আসল ষড়যন্ত্রকারীদের নাম সামনে আসবে।”

এদিকে বিজেপি সুযোগ ছাড়েনি। দলের রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন, “ওদের নিজেদের মধ্যেই মারামারি লেগে আছে। গোষ্ঠীদ্বন্দ্বেই হোর্ডিং ছেঁড়া হচ্ছে। বিরোধীদের দোষ চাপিয়ে লাভ নেই।”

একুশে জুলাইয়ের আগে এই ঘটনা তৃণমূল কংগ্রেসের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠল। তদন্তে আসল রহস্য ফাঁস হবে কিনা, সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.