মিজোরাম অবশেষে দেশের মূল রেল নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন বৈরবী-সৈরাং রেললাইন, যার নির্মাণে খরচ হয়েছে প্রায় ৮০৭০ কোটি টাকা। এই রেলপথে মিজোরাম প্রথমবারের মতো ট্রেন পরিষেবা পেতে চলেছে। শিলচর হয়ে এই রেললাইন যুক্ত হল উত্তর মিজোরামের বৈরবীর সঙ্গে।আইজলে ভার্চুয়াল বক্তৃতায় মোদী বলেন, “আজ মিজোরামের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায় শুরু হল। পাহাড়ি এলাকায় নানা প্রতিকূলতার মধ্যেও এই রেললাইন নির্মাণ সম্ভব হয়েছে আমাদের ইঞ্জিনিয়ার এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রমে।”
এই প্রকল্পের জন্য নির্মিত হয়েছে ৪৫টি সুড়ঙ্গ, ৫৫টি বড় সেতু এবং ৮৮টি ছোট সেতু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমা ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রী এ দিন মিজোরামে মোট ৯০০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, “দীর্ঘ দিন ধরে কিছু রাজনৈতিক দল শুধু ভোটব্যাঙ্ক নিয়েই চিন্তা করেছে। এর ফলে উত্তর-পূর্ব ভারতের মতো অঞ্চল পিছিয়ে পড়েছে।”
মিজোরাম সফর শেষে মোদীর যাওয়ার কথা মণিপুরে। প্রায় আড়াই বছরের সংঘর্ষ পর্বের পর এই প্রথম তিনি সেখানে যাচ্ছেন। ইম্ফল এবং চুরাচান্দপুর দুই জায়গাতেই ঘরছাড়া মানুষদের সঙ্গে কথা বলবেন এবং একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।







