পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত মহার্ঘ ভাতা (ডিএ) মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। এবার রায়দান প্রক্রিয়া শুরু করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চে এই শুনানি সম্পন্ন হয়। আদালতের প্রকাশিত অর্ডার কপিতে স্পষ্ট জানানো হয়েছে—শুনানি শেষ, রায় এখন সংরক্ষিত।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী দু’সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে লিখিত যুক্তি জমা দিতে হবে। এরপর কর্মচারী সংগঠনগুলোকেও এক সপ্তাহের মধ্যে নিজেদের পাল্টা বক্তব্য দাখিল করতে হবে। সব দিক খতিয়ে দেখার পরেই শীর্ষ আদালত চূড়ান্ত রায় ঘোষণা করবে।
এর আগেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল ৬২ পাতার লিখিত নথি জমা দেন। সেখানে যুক্তি দেওয়া হয়েছে যে, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনো রাজ্যকে কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য করা যায় না। তিনি আরও দাবি করেন, দেশের অর্ধেক রাজ্যই কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। ফলে পশ্চিমবঙ্গকে নিয়ে কোনো নির্দেশ এলে তার প্রভাব অন্য রাজ্যের উপরেও পড়বে।
এখন প্রশ্ন একটাই—রায় কবে? আদালতের নির্দেশ মেনে সব নথি জমা শেষ হলে অক্টোবরের প্রথম সপ্তাহেই রায় বেরোনোর সম্ভাবনা প্রবল। এমনকি অনেকের আশা, দীপাবলির আগেই সরকারি কর্মীরা পেতে পারেন সুখবর। তাই সরকারি কর্মীদের মধ্যে এখন প্রবল আগ্রহ ও অপেক্ষার আবহ।







