রাজ্য

এক ছাদের নিচে অসম্ভব সহাবস্থান! কুকি-জো বিধায়কদের বিস্ফোরক দাবি, মণিপুর ভাঙার ডাক

২৮ মাস পর মণিপুর সফরে গিয়ে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চূড়াচাঁদপুরে ত্রাণ শিবিরে ঘরছাড়া মানুষদের সঙ্গে দেখা করে আশ্বাস দিলেন পাশে থাকার। কিন্তু সেই সফরেই নতুন করে উত্তাল হল রাজ্যের রাজনীতি। কুকি-জো সম্প্রদায়ের বিধায়করা সরাসরি জানালেন— “মেতেইদের সঙ্গে এক ছাদের নিচে থাকা আর সম্ভব নয়।” তাঁরা প্রধানমন্ত্রীকে দেওয়া স্বারকলিপিতে দাবি তুলেছেন, আদিবাসীদের জন্য আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলই একমাত্র সমাধান।

স্বারকলিপিতে কুকি-জো বিধায়কদের বক্তব্য, “সংখ্যাগরিষ্ঠরা পাহাড়ি এলাকার সংখ্যালঘু আদিবাসীদের উপর নির্যাতন চালিয়েছে। ফলে দুই সম্প্রদায় প্রতিবেশী হিসেবে শান্তিতে থাকতে পারে, কিন্তু একই প্রশাসনিক কাঠামোর মধ্যে নয়। আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলই শান্তি ও স্থিতির একমাত্র পথ।”

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে দাউ দাউ করে জ্বলছে মণিপুর। মেতেই ও কুকিদের সংঘাতে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ২৬০ জন। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। ইম্ফল উপত্যকা মেতেই অধ্যুষিত হলেও, পাহাড়ি অঞ্চলগুলিতে কুকিদের বসবাস। সংঘাতের কেন্দ্রস্থল ছিল চূড়াচাঁদপুর, যেখানে শনিবার পৌঁছান প্রধানমন্ত্রী।

সেখানকার ত্রাণ শিবিরে শিশু, বয়স্ক, ঘরছাড়া মানুষদের সঙ্গে কথা বলেন মোদি। শিশুদের কাছ থেকে হাতে আঁকা ছবি, ফুলের তোড়া ও পালকের টুপি উপহার নেন তিনি। পাশাপাশি মণিপুরকে ‘সাহস ও দৃঢ়তার ভূমি’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তবে রাজনৈতিক মহলের মতে, মোদির সফরে ক্ষতবিক্ষত মণিপুরে শান্তির বীজ বপনের প্রচেষ্টা শুরু হলেও, কুকি-জো বিধায়কদের পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি সেই সম্ভাবনাকে অনেকটাই অনিশ্চিত করে তুলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.