রাজ্য

শ্রাবণের শেষ সোমে শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিপর্যয়! মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৭, আহত বহু

শ্রাবণ মাসের শেষ সোমবার। ভোর থেকেই শিবের মাথায় জল ঢালতে বিহারের লাখিসরাইয়ের অশোকধাম মন্দিরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার পুণ্যার্থী। কিন্তু পুজো দিতে এসে আচমকাই নেমে এল ভয়াবহ বিপর্যয়। হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনায় প্রাণ গেল অন্তত ৭ জনের। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পরপর দুটি ট্রেন মন্দিরের কাছাকাছি এসে পৌঁছয়। ফলে মুহূর্তের মধ্যে পুণ্যার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। প্রবল ভিড়ের চাপে মন্দিরের বাইরের একটি ব্যারিকেড ভেঙে পড়ে। সেই সময়ই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, মন্দির চত্বরে একটি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন পুণ্যার্থীরা। শুরু হয় ছোটাছুটি। ঠেলাঠেলির মধ্যে অনেকে মাটিতে পড়ে যান। ভিড়ের চাপে তাঁদের আর উঠে দাঁড়ানোর সুযোগ হয়নি। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কয়েকজনের।

লাখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, বিপুল ভিড় সামলাতে প্রশাসনের তরফে আগে থেকেই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ চলে আসায় ব্যারিকেডের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং সেটি ভেঙে যায়।

ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে পুলিশ ও প্রশাসন। আহতদের দ্রুত লাখিসরাই হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে।

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে শোকপ্রকাশ করেছেন। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

তবে ঠিক কীভাবে দুর্ঘটনার সূত্রপাত এবং পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার ঘটনা এবং ব্যারিকেড ভাঙার মধ্যে ঠিক কী যোগসূত্র ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলেই দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে বলে প্রশাসন সূত্রে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.