তিনি আপামর বাঙালি দর্শকদের কাছে পরিচিতি অপু হিসেবে।বর্তমানে মুম্বই থেকে জর্জিয়া—একাধিক ছবির শুটিংয়ে ব্যস্ত শাশ্বত চট্টোপাধ্যায়। সম্প্রতি এক আড্ডায় বাংলা ছবির বর্তমান পরিস্থিতি নিয়ে খোলাখুলি মত প্রকাশ করলেন শাশ্বত। তাঁর প্রশ্ন, বাংলায় আদৌ কি বড়সড় লগ্নি হচ্ছে? তিনি বলেন, “যদি ১০ কোটি টাকা খরচ হয়, সেটা ফেরত পাওয়া কি সম্ভব? বাংলায় সেই পরিকাঠামো কি আছে?” অভিনেতার বক্তব্য, সিনেমা হলের সংখ্যা কমে যাওয়া এবং একাধিক সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ার ফলে ব্যবসার ক্ষেত্র সঙ্কুচিত হয়েছে। যদিও একেন সিরিজের মতো কিছু ছবি ভালো সাফল্য পেয়েছে, তবুও সেরকম প্রকল্পের সংখ্যা হাতে গোনা। শাশ্বতের কটাক্ষ, “যখন শুনি কোনও ছবি বারো দিনে শুট শেষ করতে হবে, তখনই বুঝি বাজেটের টান আছে।”
মুক্তির কৌশল নিয়েও তিনি সরব হন। তাঁর মতে, বাংলায় অনেক সময় পরিচালক বা প্রযোজকরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়েন। ফলে একই সময়ে একাধিক ছবি মুক্তি পেয়ে দর্শক বিভক্ত হয়ে যায়। বলিউডের উদাহরণ টেনে তিনি বলেন, “শাহরুখ খান আর সলমন খান একসঙ্গে ছবি ছাড়েন না। কিন্তু আমাদের এখানে সবাই সুযোগের সন্ধান করে।”এবারের দুর্গাপুজোয় চারটি বড় ছবি মুক্তির ঘোষণার প্রসঙ্গ তুলতেই শাশ্বতের নিরাসক্ত উত্তর, “যদি সংঘাত হয়, হোক। যাঁরা টাকা খাটাচ্ছেন, সিদ্ধান্তও তাঁদের।”
অভিনেতার স্পষ্ট মন্তব্যে তিনি চিন্তিত বাংলার প্রযোজনা নিয়ে। প্রযোজকরা নিজেদের কৌশল ও বাজার বুঝে নিলেই বাংলা ছবির উন্নতি সম্ভব বলে মনে করেন তিনি।







