রাজ্য

২২ সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন জিএসটি সংস্কার, নিম্নমুখী হবে বহু পণ্য

আসন্ন শারদ উৎসবের প্রাক্কালে গ্রাহকদের জন্য বড় সুখবর শোনালো মোদি সরকার। ২২ শে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে জিএসটি সংস্কারের নতুন সিদ্ধান্ত। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি বাংলার একাধিক ঐতিহ্যবাহী পণ্যও সস্তা হয়ে যাবে।

বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত ‘জিএসটি ২.০ আউটরিচ প্রোগ্রাম’-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন। সেখানে স্পষ্ট জানানো হয়েছে দেশের প্রতিটি নাগরিক যাতে উপকৃত হয় তার জন্যই এই সংস্কার করা হয়েছে। তাদের মতে, মধ্যবিত্ত, দরিদ্র ও কৃষকদের আর্থিক সুরাহা দেওয়ার জন্য করহার হ্রাস করা হয়েছে। এই সিদ্ধান্তে বাংলার চামড়াজাত শিল্প থেকে টেরাকোটা ও মুখোশশিল্প, মাদুর থেকে শুরু করে চা ও আমের প্রক্রিয়াজাত পণ্য সবই নতুন জিএসটি হারের আওতায় আসছে। মাত্র ৫ শতাংশ কর আরোপিত হওয়ায় কারিগর, কৃষক ও উৎপাদকদের মতো সাধারণ ক্রেতারাও স্বস্তি পাবেন। একইসঙ্গে পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের চাহিদাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রেও বড়ো পরিবর্তন আনছে এই সংস্কার। বিস্কুট, সাবান ও টুথপেস্টের মতো প্রতিদিনের ব্যবহারযোগ্য বহু জিনিসের দাম কমে যাবে। এতে গৃহস্থালির মাসিক খরচ কিছুটা হলেও কমবে। তবে এরমধ্যে ব্যতিক্রমও রয়েছে। এফএমসিজি সংস্থাগুলি স্পষ্ট জানিয়েছে, ছোট দামের প্যাকেট যেমন ৫ টাকার বিস্কুট, ১০ টাকার সাবান বা ২০ টাকার টুথপেস্ট সহ এই ধরনের দাম অপরিবর্তিত থাকবে। তাদের মতে, এত কম দামের পণ্যতে করছাড়ের প্রভাব বোঝা সম্ভব নয়।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবি, এই সংস্কারের প্রভাব শুধু গ্রাহকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যার ফলে দেশের এমএসএমই খ্যাতে চাঙ্গা হবে, উৎপাদন বাড়বে ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে, সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও দ্রুততর হবে।
এই উৎসবের মরসুমের আগে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ক্রেতাদের মুখের হাসি চওড়া করছে। তবে জনপ্রিয় ছোট দামের প্যাকেটের ক্ষেত্রে গ্রাহকদের এখনও আগের মতোই দাম গুনতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.