আর রাজনীতি নয় , এবার এক হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর ! যোগ্যদের একজোট হতেই , এই বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা । বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একজোট হওয়ার বার্তা দেন শুভেন্দু ।
এদিন বিরোধী দলনেতা বলেন , “গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরা চূড়ান্ত। রাজ্য যদি ১৮০৬ জনকে বাদ দিয়ে শিক্ষক-শিক্ষিকার ‘যোগ্য’ তালিকা পেশ করে, আমরা তাতে সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব। তারপর সেই প্রস্তাব নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাক। রাজ্য তাদের বলুক, বাংলায় একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের বাঁচানোর জন্য শাসক-বিরোধী রাজনীতির রং ভুলে এদের চাকরি বহালের জন্য সর্বসম্মত প্রস্তাব দিয়েছে।”
শুভেন্দু অধিকারী আরো বলেন , “আমি একটা চিঠি মুখ্যসচিবকে লিখছি ও শঙ্কর ঘোষ স্পিকারকে লিখছেন। ৪ তারিখ এই প্রস্তাব আনুক। ৩০ মিনিটের জন্য হলেও কথা হোক। এটা বিতর্কের বিষয় নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে ১৮০৬ বাতিল হয়ে গিয়েছে। এখন যারা রয়েছে ১৫ হাজার শিক্ষক তারা তো যোগ্য। তাদের চাকরি বহাল রাখতে হবে। আমি কথা দিচ্ছি, আজ সন্ধ্যার মধ্যে মুখ্যসচিবকে চিঠি পাঠাব।”
পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে রাজ্য সরকারের তরফে , যদি কোনো ব্যবস্থা না করা হয় , তবে তিনি ৭ তারিখ বিকালে , চাকরি হারাদের সঙ্গে সাক্ষাৎ করবেন । সূত্রের খবর , বিরোধী দলনেতার এই পদক্ষেপে, চাকরি হারাদেরও একাংশ যথেষ্ট খুশি ।







