আগামী পাঁচ বছরে আমেরিকা থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কেনার পরিকল্পনা ঘোষণা করল ভারত। সদ্য প্রকাশিত ভারত–আমেরিকা যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জ্বালানি পণ্য, বিমান ও বিমানযন্ত্রাংশ, মূল্যবান ধাতু, উচ্চপ্রযুক্তি সামগ্রী থেকে শুরু করে কোকিং কয়লা—বিস্তৃত এই কেনাকাটার তালিকা দুই দেশের বাণিজ্য সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে মনে করছে কূটনৈতিক মহল।
যৌথ বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে বদ্ধপরিকর ভারত ও আমেরিকা। বিশেষ করে ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর পরিকাঠামোর জন্য প্রয়োজনীয় গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) এবং অন্যান্য উন্নত প্রযুক্তি পণ্যের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে যৌথ প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনেও জোর দেওয়ার কথা জানানো হয়েছে।
জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে নীতি নির্ধারকরা। মার্কিন এলএনজি, অপরিশোধিত তেল ও অন্যান্য শক্তি পণ্য আমদানির মাধ্যমে ভারতের জ্বালানি উৎসে বৈচিত্র্য আসবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যেও জ্বালানি সরবরাহ সুরক্ষিত রাখার ক্ষেত্রে ভারতের অবস্থান আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও, আমেরিকা থেকে বিমান ও বিমানযন্ত্রাংশ কেনার ফলে ভারতের অসামরিক উড়ান শিল্পে আধুনিকীকরণ ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। যাত্রী পরিবহণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রেও বড় বার্তা দিয়েছে এই সমঝোতা। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ডিজিটাল বাণিজ্যে বৈষম্যমূলক নিয়ম, অতিরিক্ত নিয়ন্ত্রণ ও অন্যান্য প্রতিবন্ধকতা দূর করতে একসঙ্গে কাজ করবে দুই দেশ। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির অঙ্গ হিসেবে একটি শক্তিশালী, উচ্চাভিলাষী ও পারস্পরিক লাভজনক ডিজিটাল বাণিজ্য রোডম্যাপ তৈরির কথাও বলা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ৫০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা শুধু বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল নয়, বরং প্রযুক্তি, জ্বালানি ও ডিজিটাল অর্থনীতিতে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের স্পষ্ট ইঙ্গিত। বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার আবহে এই ঘোষণাকে ভারত–আমেরিকা সম্পর্কের একেবারে ‘নতুন অধ্যায়’ বলেই দেখছেন বিশ্লেষকেরা।







