লর্ডসের ঐতিহাসিক টেস্টে মাত্র ২২ রানে হারের পর প্রশ্ন উঠেছে—ভারত কি স্লেজিংয়ের জবাব দিতেই খেলায় অতিরিক্ত আবেগ ঢেলে ফেলল? চতুর্থ দিনের শেষ ঘণ্টায় উত্তপ্ত পরিস্থিতি কি ম্যাচ ঘুরিয়ে দিল? ভারতের অধিনায়ক শুভমন গিল অবশ্য এই ধারণা মানতে নারাজ। তাঁর স্পষ্ট বক্তব্য—“পাঁচ মিনিটের আবেগ নয়, হারার পিছনে ব্যাটিং ব্যর্থতা ও কৌশলগত ভুলই বড় কারণ।”
ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে শুভমন বলেন, “ওই তর্কাতর্কি খেলার মোড় ঘোরায়নি। বরং পন্থের রান আউটটাই বড় ধাক্কা ছিল। সেসময় মনে হচ্ছিল ৫০-১০০ রানের লিড আমরা পাব। তাতে ওদের চাপে ফেলা যেত।” ভারত প্রথম ইনিংসে ইংল্যান্ডের সমান রানও তুলতে পারেনি, যা টেস্টের পঞ্চম দিনে তাদের কাঁধে বাড়তি চাপ তৈরি করে।
টপ অর্ডারের ব্যর্থতা নিয়েও হতাশা প্রকাশ করেন শুভমন। বলেন, “সোমবার সকালে জেতার আশাই করছিলাম। কয়েকজন ব্যাটার বাকি ছিল। কিন্তু ইংল্যান্ড যেভাবে আগ্রাসী বোলিং করল, তাতে অন্তত দুটো ৫০ রানের পার্টনারশিপ দরকার ছিল। সেটা হলে ম্যাচ বার হয়ে যেত। আমরা তা পারিনি।”
চতুর্থ দিনের শেষ ঘণ্টার বাজে ব্যাটিংও হারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন গিল। তাঁর কথায়, “শেষ দুই উইকেট একেবারে অনায়াসে চলে যায়। সকালে যদি একটা ৫০ রানের জুটি হত, খেলাটা অন্যদিকে যেতে পারত।”
তবে সিরিজ়ে পিছিয়ে পড়লেও শুভমন আশাবাদী। বলেন, “আমরা লড়াই করেছি। শুধু স্কোরকার্ড দেখে কিছু বোঝা যায় না। বাকি সিরিজ়ে আরও ভালো খেলব।”
অধিনায়কের এই আত্মবিশ্বাসই বলে দেয়, হারের কারণ খুঁজতে আবেগে ভেসে যাওয়ার বদলে ভারত এখন বাস্তব বিশ্লেষণে মন দিয়েছে। এবং তা ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিতও বটে।







