উৎসবের মরশুমে দেশের মা-বোনেদের জন্য বড় উপহার দিল কেন্দ্র। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) অধীনে দেওয়া হবে আরও ২৫ লক্ষ নতুন রান্নার গ্যাস সংযোগ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে।
এখনও বহু পরিবারে রান্না হয় উনুনে। তাদের কাছে এই সিদ্ধান্ত কার্যত আশীর্বাদ হয়ে আসবে। সরকারের তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষেই (২০২৫-২৬) দেওয়া হবে এই সংযোগ। এর ফলে উজ্জ্বলা যোজনায় গ্রাহক সংখ্যা পৌঁছবে ১০.৫৮ কোটিতে।
এই প্রকল্পের জন্য সরকারের খরচ হবে মোট ৬৭৬ কোটি টাকা। এর মধ্যে ৫১২.৫ কোটি টাকা খরচ করা হবে ডিপোজিট ফ্রি গ্যাস কানেকশন দিতে। অর্থাৎ প্রতিটি সংযোগে সরকার খরচ করবে ২০৫০ টাকা। বাকি ১৬০ কোটি টাকা ব্যয় হবে ভর্তুকি দিতে।
উজ্জ্বলা যোজনায় গ্রাহকরা পান—
ডিপোজিট ছাড়া এলপিজি কানেকশন
প্রেসার রেগুলেটর
সুরক্ষা হোস
ডোমেস্টিক গ্যাস কনজিউমার কার্ড
স্টোভ ও প্রথম সিলিন্ডার একেবারে ফ্রি
গ্রাহকরা চাইলে ১৪.২ কেজি বা ৫ কেজির সিঙ্গল/ডাবল কানেকশন বেছে নিতে পারেন। বছরে সর্বাধিক ৯টি রিফিল সিলিন্ডার পাওয়া যায়। বর্তমানে ১৪.২ কেজির প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে।
উজ্জ্বলা যোজনায় ফ্রি কানেকশনের জন্য প্রয়োজনীয় নথি
আধার কার্ড (মহিলা আবেদনকারীর জন্য)
ভোটার আইডি, প্যান কার্ড
রেশন কার্ড (বিপিএল/অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর)
বাসস্থানের প্রমাণ/আবাসিক শংসাপত্র
ব্যাংক পাসবুক বা স্টেটমেন্ট
দারিদ্র্যসীমা বা অন্ত্যোদয় শংসাপত্র
তফসিলি জাতি/উপজাতি শংসাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
পাসপোর্ট সাইজ ছবি
জন্ম শংসাপত্র/বয়সের প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)
আগে থেকে এলপিজি সংযোগ না থাকার স্ব-ঘোষণাপত্র
উল্লেখ্য, ২০১৬ সালের ১ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বালিয়া থেকে উজ্জ্বলা যোজনার সূচনা করেছিলেন। প্রথম ধাপে ৫ কোটি সংযোগ দেওয়া হয়েছিল। এবার সেই সংখ্যা ছুঁইছুঁই ১১ কোটি।







