মেক্সিকোর দুরাঙ্গোতে নেমে এসেছে শোক ও ক্ষোভ। মাত্র ১৪ বছর বয়সী পালোমা নামে এক কিশোরীর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বেআইনি ব্রেস্ট এনলার্জমেন্ট সার্জারির (Breast Enlargement Surgery) জেরেই অকালে মৃত্যু হয়েছে তার। আর সেই অস্ত্রোপচারের জন্য দায়ী করা হচ্ছে তার নিজের মা-কে।
পরিবারের দাবি, কিশোরীর মায়ের অনুমতিতেই তাকে ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারি করানো হয়, যা আইনত নিষিদ্ধ। অস্ত্রোপচারের কয়েক দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে পালোমা। এরপর ২০ সেপ্টেম্বর মৃত্যু হয় তার।
মৃত্যু শংসাপত্রে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সেরিব্রাল এডিমা ও হাইপোক্সিক এনসেফালোপ্যাথি। তবে মৃত কিশোরীর বাবা আরেলানোর অভিযোগ, “এটি প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা। আসল কারণ হলো বেআইনি ব্রেস্ট এনলার্জমেন্ট সার্জারি।”
আরেলানোর দাবি, “ডাক্তার, মা, হাসপাতাল, প্রশাসক—যে যে এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের সকলের বিরুদ্ধে তদন্ত হোক।” ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রে জানা গিয়েছে, সার্জারির রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। কে এই অস্ত্রোপচারের অনুমতি দিয়েছিল, তা খুঁটিয়ে যাচাই করছে কর্তৃপক্ষ। পালোমার মা-র বিরুদ্ধে আনা হতে পারে অবহেলার অভিযোগ। অন্যদিকে, সার্জনের বিরুদ্ধে দায়ের হতে পারে অনিচ্ছাকৃত হত্যার মামলা (Manslaughter)।
এই চাঞ্চল্যকর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় মানুষ। অপ্রাপ্তবয়স্কের শরীরে বেআইনি কসমেটিক সার্জারি চালানো—তা নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনও।
একদিকে মৃত কিশোরীর পরিবারের আহাজারি, অন্যদিকে চিকিৎসা-অবহেলা ও বেআইনি অস্ত্রোপচারের অভিযোগে কেঁপে উঠেছে পুরো দুরাঙ্গো শহর।







