পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের নড়েচড়ে বসল ইডি। শুক্রবার সকাল থেকে কলকাতা এবং আশপাশের মোট ১৩টি জায়গায় একযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। সেই তল্লাশির ফলাফল নিয়ে শনিবার রাতে সমাজমাধ্যমে একটি বিবৃতি জারি করে ইডি জানায়, এই অভিযানে বাজেয়াপ্ত হয়েছে মোট ৪৫ লক্ষ টাকা নগদ এবং একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র।
ইডি সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত নগদের কোনও “যথাযথ ব্যাখ্যা” পাওয়া যায়নি। তবে সেই টাকা ঠিক কোন কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে বা তা কার, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি সংস্থা। একইভাবে, রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর বা তাঁর সংস্থা থেকে কোনও নগদ উদ্ধার হয়েছে কি না, তাও উল্লেখ করা হয়নি বিবৃতিতে।
তল্লাশি হয়েছে সল্টলেক সেক্টর ওয়ান-এর একটি ভবনে, যেখানে রয়েছে মন্ত্রীর অফিস। এছাড়াও অভিযান চালানো হয় নাগেরবাজার, ঠনঠনিয়া, শরৎ বোস রোড, নিউ আলিপুর ও বেলেঘাটা সহ শহরের বিভিন্ন জায়গায়। জানা গিয়েছে, এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এক ব্যবসায়ী এবং মন্ত্রীর পুত্রের ধাবাতেও তল্লাশি চালান তদন্তকারীরা। পাশাপাশি এক রেস্তরাঁ ও এক অডিটরের দফতর থেকেও নথি উদ্ধার করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ১২ জানুয়ারি একই মামলায় সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়ি ও দফতরে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি ও তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল তারা।
প্রসঙ্গত, এই পুর নিয়োগ দুর্নীতির সূত্র পাওয়া যায় ব্যবসায়ী অয়ন শীল-এর অফিসে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন সিবিআই অয়ন শীলকে গ্রেফতার করে। পরে তাঁর সল্টলেক অফিসে পাওয়া যায় পুর নিয়োগের ওএমআর শিট। সেখান থেকেই তদন্তকারীরা পুর নিয়োগে দুর্নীতির হদিস পান। সেই সূত্রেই এখন তদন্ত করছে ইডি।
ইডির দাবি, পুর নিয়োগ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে। আগামী দিনে এই মামলায় আরও অনেক নাম সামনে আসতে পারে বলেই ইঙ্গিত তদন্তকারী সংস্থার।







