বাংলায় ফের প্রশাসনিক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠল। এবার আক্রান্ত হলেন এক কাস্টমস অফিসার। অভিযোগ, বাড়িতে ঢুকে তাঁকে নির্মমভাবে মারধর করেছে এক অটোচালক ও তার দলবল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোনারপুর এলাকায়।
সূত্রে খবর, আক্রান্ত অফিসারের নাম প্রদীপ কুমার। শনিবার গাড়ি নিয়ে বেরোলে পথে তাঁর গাড়ির সঙ্গে একটি অটোর ধাক্কা লাগে। সেখান থেকেই শুরু হয় বচসা, আর সেই সামান্য বিবাদই রূপ নেয় রক্তাক্ত সংঘর্ষে। অভিযোগ, রাতের বেলায় ওই অটোচালক প্রায় ৫৩ জনকে নিয়ে অফিসারের বাড়িতে হানা দেয়। কোলাপসিবল গেট ভেঙে তাঁরা ঢুকে পড়ে এবং নির্বিচারে হামলা চালায়।
প্রদীপবাবুর মাথায় গুরুতর আঘাত লাগে, সেলাই পড়েছে। শুধু তিনিই নন, তাঁর স্ত্রীকেও নৃশংসভাবে মারধর করা হয় বলে অভিযোগ। আরও ভয়াবহ তথ্য— আক্রান্ত অফিসার জানিয়েছেন, তিনি বারবার পুলিশে ফোন করেও কোনও সাহায্য পাননি। তাঁর দাবি, ‘‘আমি ফোন করে বলছি ওরা গ্রিল ভাঙছে, তবুও পুলিশ ৪০ মিনিট পর আসে।’’
ঘটনার পরে সোনারপুর থানায় ৩৩২, ১২৬(২), ১১৭(২), ৩২৪(৪), ৩১১(২), ৩ ও ৫ ধারায় মামলা রুজু হয়েছে। কিন্তু সব ক’টি ধারাই জামিনযোগ্য। এত বড় হামলায় গ্রেফতার হয়েছে মাত্র একজন।
এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে প্রশাসনিক মহল। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য বলেন,
“একজন অটোচালক কাস্টমস অফিসারের বাড়িতে ঢুকে মারছে — ভাবাই যায় না! কোথায় গিয়েছে আইনশৃঙ্খলা?”
আজ আহত অফিসারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ,
“এটা একেবারে মব লিঞ্চিং। পুরো পরিবারকে মারতে গিয়েছিল ওরা। বাইরে ২০০ জনের ভিড়, ভিতরে ৫৩ জন প্রবেশ করেছে।”
ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, একের পর এক দুষ্কৃতী অফিসারের বাড়িতে ঢুকে হামলা চালাচ্ছে।
এই ঘটনার পর আবারও উঠে এসেছে প্রশ্ন— বাংলায় সরকারি কর্মকর্তারাও কি নিরাপদ নন?






