কলকাতা: ফের চিকিৎসক মহলে শোকের ছায়া। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভজিৎ আচার্য-র রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃত চিকিৎসক উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শিশুর কুঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন।
সূত্রের খবর, রবিবার রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হার্ট রেট কমানোর জন্য নিয়মিত নেওয়া ওষুধের অতিরিক্ত মাত্রা শরীরে বিষক্রিয়া সৃষ্টি করেছে, এবং তার ফলেই ঘটে যায় বিপত্তি।
তবে পরিবার সূত্রে দাবি, শুভজিতবাবুর মৃত্যু কোনওভাবেই ওষুধজনিত বিষক্রিয়ার কারণে নয়। তাঁদের বক্তব্য, তিনি মানসিকভাবে একেবারেই স্বাভাবিক ছিলেন, এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন।
মৃতদেহটি বর্তমানে বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে কিছু বলা যাবে না।
ঘটনায় চিকিৎসক মহলে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীদের একাংশ জানিয়েছেন, পেশাগতভাবে দক্ষ এবং পরিশ্রমী ডাক্তার হিসেবে শুভজিতবাবু সকলের প্রিয় ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যু নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে নানা প্রশ্ন।







