চুপিসাড়েই বিয়ে সারলেন জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র। মঙ্গলবার রাতে পরিবার ও কয়েকজন ঘনিষ্ঠ মানুষকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়লেন ‘কিশোরী’ গানের মাধ্যমে নতুন করে জনপ্রিয় হওয়া এই তারকা গায়িকা। লাল বেনারসি, মানানসই সোনার গয়না আর কপালে চন্দনের হালকা কল্কা—সরল কিন্তু নান্দনিক সাজেই মনের মানুষের গলায় মালা পরান তিনি। বহুদিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা থাকলেও, সেই জল্পনাতেই যেন সিলমোহর দিলেন অন্তরা।
২০০৬ সালের ইন্ডিয়ান আইডল–এর মঞ্চ থেকেই প্রথম নজর কাড়েন অন্তরা মিত্র। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা এই গায়িকার ক্যারিয়ারের বড় ব্রেক আসে শাহরুখ খান–কাজল অভিনীত দিলওয়ালে ছবির সুপারহিট গান ‘রং দে তু মোহে গেরুয়া’ দিয়ে। অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর সেই যুগলবন্দি তাকে বলিউডে পোক্ত জায়গা করে দেয়। এরপর টলিউড থেকে দক্ষিণী সিনেমা—বহু ছবির প্লেব্যাকে নিজের স্বতন্ত্র কণ্ঠ ছড়িয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি দেব অভিনীত খাদান ছবির ‘কিশোরী’ গান আবারও তাঁকে আলোচনায় এনেছে।
ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই খুব বেশি কথা বলেননি অন্তরা। তাই তাঁর প্রেমজীবন সম্পর্কে সাধারণ মানুষের তেমন জানা ছিল না। সূত্রের খবর, বহু বছর ধরে শৌর্য নামের এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সেই দীর্ঘদিনের প্রেমিককেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। শান্ত, ঘরোয়া পরিবেশেই চার হাত এক হয়েছে অন্তরা ও শৌর্যের।
জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই বিদেশে হানিমুনে উড়াল দেবেন নবদম্পতি। দেশে ফেরার পর বড়সড় রিসেপশনের পরিকল্পনা রয়েছে তাঁদের। ডিসেম্বরেই নাকি সেই আয়োজনে হাজির থাকবেন সঙ্গীতজগতের বহু তারকা ও ঘনিষ্ঠ বন্ধু–পরিজন। নতুন জীবনের পথে পা রাখা অন্তরা ও শৌর্যকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরাও।







