খেলাধুলা

মিশন টি-২০ বিশ্বকাপ ২০২৬: আজ দুপুরেই পর্দা উঠছে টিম ইন্ডিয়ার চূড়ান্ত বিশ্বকাপের তালিকার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচনের চূড়ান্ত সময় ঘনিয়ে এসেছে। আজ অর্থাৎ শনিবার বিকেলের দিকেই মুম্বইয়ের ক্রিকেট সদর দফতর থেকে ঘোষণা হতে পারে টিম ইন্ডিয়ার সম্ভাব্য তালিকা। রোহিত-বিরাটদের উত্তরসূরি হিসেবে সূর্যের নেতৃত্বে এবার কারা বিশ্বজয়ের লক্ষ্যে মাঠে নামবেন, তা নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন শুভমন গিল। জাতীয় দলের তিন ফরম্যাটেই তাঁকে আগামীর ধ্রুবতারা ভাবা হচ্ছে, এমনকি টি-টোয়েন্টিতে তাঁকে সহ-অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা বাধিয়েছে তাঁর বর্তমান ফর্ম এবং বারবার ফিরে আসা চোট। ঘাড়ের ব্যথা হোক বা পায়ের পাতার সমস্যা গিলের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছেই। তার ওপর গত ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে তাঁর কোনো হাফ-সেঞ্চুরি নেই। সর্বোচ্চ রান বলতে সেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে করা ৪৭। এরপর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজেও তাঁর ব্যাটে রানের দেখা মেলেনি।

গিলের ফর্ম নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন মাঠের বাইরে সুযোগের অপেক্ষায় বসে আছেন একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার। বিশেষ করে যশস্বী জয়সওয়াল এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দলকে চ্যাম্পিয়ন করা ঈশান কিষাণ। গিলের জন্য কি এই দুই ইন-ফর্ম ওপেনারকে আবারও ব্রাত্য করে রাখা হবে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন ক্রিকেটপ্রেমীরা। অন্যদিকে সঞ্জু স্যামসনের মতো প্রতিভা ব্যাটিং অর্ডারের দোলাচলে পড়ে একাদশে ব্রাত্য হয়ে পড়ছেন কি না, সেই জল্পনাও প্রবল।

মিডল অর্ডার বা ফিনিশার হিসেবে কার ওপর ভরসা রাখবে বোর্ড? লড়াইটা মূলত রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে। দলে হার্দিক পাণ্ডিয়া এবং জিতেশ শর্মার মতো ফিনিশাররা থাকায় ম্যানেজমেন্ট হয়তো একজন বাড়তি অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে বেছে নেওয়ার কথা ভাবতে পারে। সেক্ষেত্রে রিঙ্কুর ভাগ্য কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার। চ্যাম্পিয়নের তকমা ধরে রাখার লড়াই গতবার রোহিতের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। সেই মহাতারকাদের অবসরের পর সূর্যকুমার যাদবের ওপর এখন গুরুদায়িত্ব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে ভারত নিজেদের শক্তি প্রমাণ করেছে ঠিকই, কিন্তু বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে সঠিক কম্বিনেশন বেছে নেওয়াটাই এখন নির্বাচকদের আসল চ্যালেঞ্জ। আজ বিকেলেই পরিষ্কার হয়ে যাবে টিম ইন্ডিয়ার ব্লু-প্রিন্ট। গিলের অভিজ্ঞতায় ভরসা রাখা হবে নাকি তারুণ্যের জয়গান শোনা যাবে, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.