কলকাতা: পঁচিশের পঁচিশে কলকাতার রাস্তাঘাট যেন এক মুহূর্তের জন্যও নিঃশ্বাস নেওয়ার ফুরসত পায়নি। বড়দিনে উৎসবের আমেজে সকাল থেকেই লোকে লোকারণ্য শহর। পার্কস্ট্রিট থেকে বো ব্যারাক্স— সর্বত্রই তিল ধারণের জায়গা নেই। শুধু শহর নয়, রাজ্যের নানা প্রান্ত ও ভিন্রাজ্য থেকেও বড়দিন উদ্যাপনের টানে মানুষ ভিড় জমিয়েছেন কলকাতায়।
বড়দিনে কলকাতার জনপ্রিয়তম সাতটি আকর্ষণকে বেছে নিয়ে ভিড়ের নিরিখে একটি তালিকা তৈরি করে আনন্দবাজার ডট কম। সেই ‘সপ্তরথী’ যুদ্ধে বাকি সকলকে কার্যত পিছনে ফেলে দিয়েছে ইকো পার্ক। বৃহস্পতিবার দিনের শেষে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বড়দিনে ইকো পার্কে এসেছেন মোট ৫০,৭০০ জন— শহরের আর কোনও কেন্দ্রে এত ভিড় হয়নি। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট কাটা এবং সাড়ে ৭টায় দরজা বন্ধ— এই সময়সীমার মধ্যেই এই বিপুল জমায়েত।
ভিড়ের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে আলিপুর চিড়িয়াখানা। বড়দিনে সেখানে গিয়েছিলেন ৪৪,৬৫৪ জন। শীতের মরসুমে প্রতিদিনই চিড়িয়াখানায় ভিড় চোখে পড়লেও, বড়দিনে সেই ভিড় ছিল তুলনামূলক ভাবে বেশি। বৃহস্পতিবার হওয়ায় চিড়িয়াখানা বন্ধও ছিল না।
তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং সায়েন্স সিটি। ভিক্টোরিয়ার জাদুঘর বন্ধ থাকলেও খোলা ছিল বাইরের বাগান— সেখানেই দিনভর ভিড় করেছিলেন ৩৪,১৫১ জন। অন্যদিকে, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকা সায়েন্স সিটিতে বড়দিনে এসেছেন ২২,৩১৬ জন।
পঞ্চম স্থানে রয়েছে জাদুঘর। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকা জাদুঘরে বড়দিনে দর্শকসংখ্যা ছিল ৭,৯৭৯। পার্কস্ট্রিটে আসা অনেক দর্শকই জাদুঘর ঘুরে গিয়েছেন।
এ বছর তুলনামূলক ভাবে কম ভিড় ছিল নিক্কো পার্কে— সারা দিনে সেখানে গিয়েছেন প্রায় ৫,০০০ জন। নিউ টাউনের হরিণালয়ে দর্শকসংখ্যা ছিল ৪,৯৭৮। ফলে ভিড়ের নিরিখে নিক্কো পার্ক ষষ্ঠ এবং হরিণালয় সপ্তম স্থানে।
এ ছাড়াও সারা দিনে ভিড় ছিল সেন্ট পল্স ক্যাথিড্রাল-সহ শহরের বিভিন্ন গির্জায়। বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। লাল-সাদা পোশাক ও স্যান্টা টুপি পরে বহু মানুষ রাস্তায় বেরিয়ে উৎসবে সামিল হন। কেকের দোকান ও চাইনিজ় খাবারের দোকানগুলিতেও ছিল উপচে পড়া ভিড়। বড়দিনে ফের প্রমাণিত— উৎসবের শহর হিসেবে কলকাতার জুড়ি মেলা ভার।







