বিজয় হাজারে ট্রফিতে দাপুটে পারফরম্যান্স জারি রাখল বাংলা। বুধবার রাজকোটের মাঠে জম্মু-কাশ্মীরকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিলেন অভিমন্যু ঈশ্বরনরা। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল বাংলার পেস ত্রয়ীর দাপটেই। মহম্মদ শামি, আকাশদীপ এবং মুকেশ কুমারের আগুনের গোলার সামনে মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায় জম্মু-কাশ্মীরের ইনিংস। এরপর সেই রান টপকাতে বাংলার ব্যাটারদের লাগল মাত্র ৯.৩ ওভার। হাতে ৯ উইকেট রেখেই জয় তুলে নিল বাংলা।
টস জিতে ফিল্ডিং করার যে সিদ্ধান্ত অধিনায়ক অভিমন্যু নিয়েছিলেন, বোলাররা শুরুতেই তা সঠিক প্রমাণ করেন। ইনিংসের দ্বিতীয় বলেই কামরান ইকবালকে সাজঘরের পথ দেখান শামি। শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি প্রতিপক্ষ। একে একে আকাশদীপ ও মুকেশ কুমার আক্রমণ শানাতে থাকেন। গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মুকেশ এই ম্যাচেও ৪ উইকেট পকেটে পুরলেন। সমান সংখ্যক উইকেট পেয়েছেন আকাশদীপও। শামি নিয়েছেন ২ উইকেট। জম্মু-কাশ্মীরের মাত্র দুই ব্যাটার শুভম খাজুরিয়া ও অধিনায়ক পারশ ডোগরা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছিলেন। ২১ ওভার হওয়ার আগেই প্যাভিলিয়নে ফিরে যান তাঁদের সব ব্যাটার।
মাত্র ৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলার উদ্দেশ্য ছিল নেট রানরেট যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া। অধিনায়ক ঈশ্বরন মাত্র ৪ রান করে আউট হলেও অভিষেক পোড়েল ও সুদীপ ঘরামি আর কোনো বিপদ ঘটতে দেননি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অভিষেক ৩০ এবং সুদীপ ২৫ রানে অপরাজিত থেকে ১০ ওভারের আগেই খেলা শেষ করে দেন। ১০০ ওভারের একটি নির্ধারিত ম্যাচ শেষ হতে লাগল মাত্র ৩০ ওভারের কিছু বেশি সময়।
এই বিশাল জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে এক লাফে অনেকটা এগিয়ে গেল বাংলা। পাঁচ নম্বর স্থান থেকে তারা এখন উঠে এসেছে দুই নম্বরে। বর্তমানে বাংলার নেট রানরেট বেশ ঈর্ষণীয়। যদিও উত্তরপ্রদেশ, বিদর্ভ বা বরোদার ম্যাচগুলোর ফলাফলের ওপর তালিকার শীর্ষস্থানটি নির্ভর করছে, তবে এই পারফরম্যান্স নক-আউটের দৌড়ে বাংলাকে অনেকখানি সুবিধাজনক জায়গায় পৌঁছে দিল।







