ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এ বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে এই প্রসঙ্গে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, বিষয়টি নিয়ে এখনই কোনও চূড়ান্ত মন্তব্য করতে তারা রাজি নয়। বিসিসিআই সূত্রের দাবি, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলার বিষয়ে এখনও পর্যন্ত ভারত সরকারের তরফে কোনও নির্দেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। গত মাসে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। চেন্নাই সুপার কিংসের সঙ্গে বিডের লড়াইয়ে জয়ী হয়ে মুস্তাফিজকে দলে তোলে কেকেআর। এর ফলে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নজির গড়েছেন।
তবে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ সামনে আসার পর থেকেই মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই আবহে এক সিনিয়র বিসিসিআই কর্তা একটি সংবাদ সংস্থাকে বলেন,
“বাংলাদেশি হোক বা অন্য কোনও দেশের ক্রিকেটার—আইপিএলে খেলতে গেলে সবার ক্ষেত্রেই সরকারি অনুমতি আবশ্যক। সরকার যে নির্দেশ দেবে, বোর্ড সেটাই মেনে চলবে।”
তিনি আরও জানান, নিলামে সাতজন বাংলাদেশি ক্রিকেটারের নাম নথিভুক্ত থাকলেও শেষ পর্যন্ত কেবল মুস্তাফিজুর রহমানই দল পেয়েছেন। তবে সরকার থেকে এখনও কোনও নির্দেশ না আসায় বিসিসিআইয়ের হাতে এই মুহূর্তে বিশেষ কিছু করার নেই।
এই বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে ধর্মীয় নেতা দেবকীনন্দন ঠাকুরের মন্তব্যে। তিনি কেকেআর ও ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক শাহরুখ খানের তীব্র সমালোচনা করে বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রেক্ষিতে একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ায় সনাতনী সমাজ আহত হয়েছে। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ও ক্রীড়ামহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত।
এই পরিস্থিতিতে বিসিসিআই নিজেও চাপে রয়েছে। কারণ মুস্তাফিজুর রহমানকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বোর্ডই। সেই সময় ভারত সরকার বা বোর্ড—কোনও পক্ষই বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলার বিষয়ে আপত্তি তোলে নি।
উল্লেখযোগ্যভাবে, আগামী ফেব্রুয়ারিতে টি-২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে। ভারত আয়োজক দেশ হিসেবে বাংলাদেশকেও আমন্ত্রণ জানাবে। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ হওয়ার কথা। শুধুমাত্র পাকিস্তান তাদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এই পরিস্থিতিতে যদি ভারত সরকার বাংলাদেশি ক্রিকেটারদের ভারতের মাটিতে খেলতে বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আন্তর্জাতিক কূটনীতি ও ক্রিকেটীয় বাস্তবতার নিরিখে সমস্যায় পড়তে পারে বিসিসিআই-ই।
সব মিলিয়ে, মুস্তাফিজুর রহমান আইপিএল ২০২৬ খেলতে পারবেন কি না, তা এখন পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। আপাতত অপেক্ষার প্রহর গুনছে বিসিসিআই, কেকেআর এবং ক্রিকেটপ্রেমীরা।







