বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শনিবার বাঁকুড়ার এক সভা থেকে অভিষেক দাবি করেন, বিজেপি মূলত ‘মাতাল, পাতাখোর ও অসভ্য লোকেদের দল’। তাঁর বক্তব্য, “কোনও ভদ্রলোক, ভাল লোক, শিক্ষিত ও মার্জিত মানুষ বিজেপি করে না। যত মদ্যপ, মাতাল, পাতাখোর, দুনম্বরি, চোর, চিটিংবাজ, গাঁজাখোর—সব ভারতীয় জনতা পার্টিতে।”
অভিষেকের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিজেপি শিবিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রবিবার ময়নাগুড়িতে এক জনসভা থেকে তৃণমূল নেতৃত্বকে পাল্টা কটাক্ষ করেন বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অভিষেকের বক্তব্যের জবাবে তিনি বলেন, “ভাইপো বলছেন, আপনাদের জানিয়ে রাখি—ভাইপো কিন্তু ১২ পাশ। অথচ উনিই বলছেন, বিজেপি নাকি পাতাখোর, নেশাখোরদের দল।”
সুকান্ত মজুমদার আরও দাবি করেন, বিজেপির সংগঠনের ভিত শিক্ষিত ও পেশাদার মানুষদের হাতেই গড়ে উঠেছে। তাঁর কথায়, “বাংলায় আমাদের ১৩০০ মণ্ডল রয়েছে। তার মধ্যে প্রায় ৭০ শতাংশ মণ্ডল সভাপতি গ্র্যাজুয়েট। আমাদের দলে ডাক্তারবাবু জয়ন্ত রায়ের মতো মানুষ রয়েছেন। বিজেপির প্রত্যেক নেতা দেশের প্রতি তাঁদের নিষ্ঠার প্রমাণ রেখেছেন।”
এই পাল্টাপাল্টি মন্তব্যে রাজ্যের রাজনৈতিক আবহ ফের উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্যকে ‘অশালীন ও বিভাজনমূলক’ বলে আক্রমণ করছে বিজেপি, অন্যদিকে তৃণমূল শিবিরে দাবি করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজনৈতিক চরিত্রই তুলে ধরেছেন। আসন্ন নির্বাচনের প্রাক্কালে এই বাকযুদ্ধ আরও তীব্র হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।







